গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে আসেন সঙ্গীতশিল্পী কেকে। কিন্তু এদিন অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। কেকে-কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেকে-র মৃত্যু নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তাদের দিকে আঙুল তোলা হয়েছে।
গতকাল, এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত হয় কেকে-র। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের ভার্সোভা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। প্রেক্ষাগৃহের অতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধ হওয়া পরিবেশ তৈরি হওয়ার জেরেই কী এমন অঘটন ঘটল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার এই বিতর্কে এক বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী।
নন্দিতা লিখেছেন, “লজ্জা পশ্চিমবঙ্গ। কলকাতাই কেকে-কে হত্যা করেছে। রাজ্য সরকার নজরুল মঞ্চে তাঁদের দোষ ঢাকার জন্য গান স্যালুট দিচ্ছে। ২.৫ হাজারের লোক থাকার অডিটরিয়ামে ৭ হাজার জন ছিল, এসি কাজ করছিল না, গায়ক চারবার অভিযোগ করেছিলেন। কিন্তু, কোনও সুরাহা হয়নি। কোনও ফার্স্ট এড ছিল না। এই ঘটনায় CBI তদন্ত চাই। তার আগে পর্যন্ত বাঙালিদের বয়কট করা উচিত”।

অন্যদিকে, অডিটরিয়ামে অতিরিক্ত ভিড় থাকার জন্য অসুবিধা হচ্ছিল, এমন দাবী কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “যে কোনও ধরনের কমিশনের কাছে আমি বলতে রাজি রয়েছি সেদিন কোনও অব্যবস্থা ছিল না”।
শেষ কিছু মুহূর্ত কীভাবে কেটেছিল কেকে-র। তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। তবে হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে লিফট থেকে স্বাভাবিকভাবেই হেঁটে বেরিয়েছেন কেকে। তাঁর গলায় একটি তোয়ালে দেখা যায়। হোটেল রুমে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন।
নজরুল মঞ্চে গান গাওয়ার সময়ও তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি বলে জানা যাচ্ছে। হোটেল রুমে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। কেকে-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও অস্বাভাবিক মৃত্যুর কোনও উল্লেখ নেই। জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে গায়কের।





