আজ প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। এদিন দিকে দিকে চলছে প্রেম নিবেদন, প্রেমালাপ। টলি থেকে বলি, সব তারকারাই মেতেছেন প্রেমে। নিজের মনের মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। এরই মধ্যে নেটপাড়া মেতে উঠল অন্য একটি খবরে।
১৪ই ফেব্রুয়ারির দিন সকাল সকালই বড় বোমা ফাটালেন সকলের প্রিয় বুম্বাদা। তিনি নাকি ফের বিয়ে করছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে তিনি লিখেছেন, “সকলের নিমন্ত্রণ রইল। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য”। কিন্তু পাত্রীটি কে? কার সঙ্গে ফের চার হাত এক হতে চলেছে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের?
সম্প্রতি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন প্রসেনজিৎ। সেই ভিডিও নেটপাড়ার বেশ আলোড়ন ফেলে দিয়েছে বলা যায়। এটি আসলে ছিল একটি ডিজিটাল নিমন্ত্রণ পত্র। তাতে লেখা, “প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। গুরুজনদের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই”।
বুম্বাদা এও জানান যে এই বিয়ের নেপথ্যে কারা কারা রয়েছে। বুম্বাদার কথায়, এই বিয়ের পাকা দেখা থেকে শুরু মকরে সমস্ত দায়িত্ব সামলেছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমটিম টিম। আর এই বিয়ের ঘটকালি করেছেন প্রসেনজিৎ-এর বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।
তবে কী প্রসেনজিৎ ও ঋতুপর্ণার পুরনো প্রেমই উঁকি দিল দীর্ঘদিন পর? তাদের প্রেমের গুঞ্জন কী এবার তবে সত্যি হল? ঋতুপর্ণার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাইছেন বুম্বাদা? এমন নানান প্রশ্ন উঠছে। তবে এখনও পর্যন্ত গোটা ঘটনাটা জানা যায়নি। তবে বুম্বাদা ও ঋতুপর্ণা বিয়ে করছেন ঠিকই, তবে সেটা রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে।
View this post on Instagram
দীর্ঘ বছর পর ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন হয়ত প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। অন্তত ডিজিটাল নিমন্ত্রণপত্র তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ বছর ধরে একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। হিট জুটি ছিলেন তারা। দীর্ঘ ১৫ বছর পর ফের ‘প্রাক্তন’ ছবি দিয়ে দুজনে জুটি বাধেন। এবারও কী দর্শক তেমনটাই দেখতে পাবেন? নাকি থাকছে আরও অন্য চমক? তা তো সময়ই বলবে।





