ফের মাদক মামলায় গ্রেফতার “ফির হেরা ফেরি” ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী, বাড়িতে থেকে উদ্ধার গাঁজা

বলিউডের সঙ্গে মাদকযোগ নিয়ে গত কয়েকমাসে কম তর্ক বিতর্ক হয়নি। মাদকযোগে অভিযুক্ত হয়ে প্রায় একমাস পুলিশি হেফাজতে কাটিয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সম্প্রতি শর্তসাপেক্ষ জামিনে জেলের বাইরে রয়েছেন তিনি। এই মামলায় অভিযুক্ত হয়ে তার ভাই শৌভিক চক্রবর্তীও এখনও পর্যন্ত জেলে আছেন। মাদক সংক্রান্ত মামলায় একাধিকবার একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-এর তরফ থেকে। ফের একবার মাদকের সঙ্গে বলিউডের যোগসূত্র মিলল। গ্রেফতার হলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ। জুহুতে তাদের বাড়ি থেকে গাঁজা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

https://twitter.com/ANI/status/1325654419959017473?s=20

ফিরোজ নাদিয়াদওয়ালা, যিনি বিভিন্ন হিন্দি ছবি যেমন ‘ফির হেরা ফেরি’, ‘ফুল অ্যান ফাইনাল’, ‘মেন অ্যাট ওয়ার্ক’, ‘ওয়েলকাম’ প্রযোজনা করেছেন। এনসিবির এক আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে সংবাদসংস্থা পিটিআইকে জানান যে রবিবার ফিরোজকেও এনসিবির তরফ থেকে সমন পাঠানো হয়েছিল কিন্তু তিনি উপস্থিত হননি। এরপর রবিবার সকালে নাদিয়াদওয়ালাদের বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ি থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এই বিষয়ে ফিরোজের স্ত্রী শাবানা সইদকে জিজ্ঞাসাবাদ করা হলে জানাযায় ওয়াহিদ আবদুল কাদির শেখ ওরফে সুলতানের থেকে তিনি সেই গাঁজা নিয়েছিলেন। শাবানার বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত ৭ ও ৮ই নভেম্বর মধ্যবর্তী রাতে মুম্বইয়ের আন্ধেরি ও খারগড় এলাকায় তল্লাশি চালায় এনসিবি। সেখান থেকে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত এক সদস্যকে গ্রেফতার করা হয়। এরপর আন্ধেরি ও খারগড় ছাড়াও লোখন্ডওয়ালা, মালান্ডে ও কোপারখাররানে এলাকাতেও তল্লাশি চালায় এনসিবি।

RELATED Articles