অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর এক মাস কেটে গেলেও রহস্য এখনো পুরোপুরি কাটেনি। তদন্ত কতটা এগিয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিনোদন জগত ও সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই ওড়িশার তালসারি থানার পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বয়ান রেকর্ড করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ধারাবাহিকের অভিনেত্রী শ্বেতা মিশ্র-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেই তাঁকে ডাকা হয়। পাশাপাশি প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট-এর কিছু কর্মীকেও জেরা করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার শ্রবণ মহাপাত্র।
এই মামলায় সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়-এর বয়ানও নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁরা তদন্তে সহযোগিতা করছেন। একই সঙ্গে স্থানীয় কিছু প্রত্যক্ষদর্শীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঘটনার সময় উপস্থিত না থাকায় অন্য অভিনেতাদের এখনও ডাকা হয়নি।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, রাহুলের শরীরে প্রচুর পরিমাণে সমুদ্রের জল ও বালি ঢুকে গিয়েছিল। দীর্ঘ সময় জলে ডুবে থাকার কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে ভিসেরা রিপোর্ট এখনও আসেনি, যা থেকে আরও পরিষ্কার তথ্য মিলতে পারে।
আরও পড়ুনঃ বলিউডের পাওয়ার কাপল! ১৪ বছরের দাম্পত্যেও এক ফোঁটা কমেনি প্রেম! রিতেশের জন্য এবার বিশেষ সাজে নজর কাড়লেন জেনেলিয়া! জানেন, এই জুটির অটুট সম্পর্কের রহস্য কী?
এখনও পর্যন্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। অন্যদিকে, কলকাতায়ও এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রয়োজন হলে তাঁরা কলকাতায় গিয়ে তদন্ত চালাবেন। পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগতে পারে।






