করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। লাগামহীন হয়ে পড়েছে ভারতের করোনা পরিস্থিতি। রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে কোভিড। বিশ্বের মধ্যে সবচেয়ে করুণ অবস্থা মহারাষ্ট্রে তারপর দিল্লি।
ওষুধ, অক্সিজেন, ভ্যাকসিন, বেড সবকিছুর জন্যই হাহাকার দেখা দিচ্ছে দেশ জুড়ে। নড়বড় করছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে রোগীর কাছে সাহায্য পৌঁছে দিতে এগিয়ে আসছেন তারকারা।
বিগত বছরে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রিয়া চক্রবর্তী এবার সোশ্যাল মিডিয়ায় একতার বার্তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানালেন।
এদিন রিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় তিনি লিখেছেন, ‘কঠিন সময়ে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে, নিজের সাধ্য মতোন সকল মানুষের পাশে থাকুন, ছোট অথবা বড় সাহায্যের বিচার করবেন না, সাহায্য সবসময়ই মূল্যবান.. আমাকে ডিএম (ডিরেক্ট মেসেজ) করুন যে কোনও প্রয়োজনে, সম্ভবপর হলে আমি নিশ্চয় সাহায্য করব… নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব… ভালো থাকুন..সহমর্মী হন। ভালোবাসা এবং অনেক শক্তির প্রার্থনা’।

প্রসঙ্গত উল্লেখ্য, বলিউড অভিনেতার আত্মহননের পর সত্য ঘটনা উদঘাটিত না হলেও তার মৃত্যুর জন্য সমাজ একপ্রকার দায়ী করে দেয় রিয়াকে। তারপর থেকে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী।
গত বছর সেপ্টেম্বরে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রিয়া ও তাঁর ভাই শৌভিক। প্রায় একমাস জেলবন্দি থাকার পর আপতত জামিনে মুক্তি রিয়া চক্রবর্তী। অমিতাভ-ইমরান অভিনীত চেহরে ছবিতে বলিউডে কামব্যাক করবার কথা রিয়ার। চলতি মাসেই এই ছবির মুক্তির তারিখ নির্ধারিত ছিল, তবে করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য মুক্তি পিছিয়ে গিয়েছে এই ছবির।





