এখন সন্ধ্যে সাড়ে ছ’টা বাজলেই ‘রাম্পি’ জুটির অনুরাগীদের মন খারাপ হয়ে যায়। আসলে ‘দেশের মাটি’ ধারাবাহিকের সুবাদে রাম্পি জুটি খুব তাড়াতাড়ি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। তাদের দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল দেখার মতো। কিন্তু তবুও সেই কেমিস্ট্রির জোরে ধারাবাহিক এগোল না।
দশ মাসের মধ্যেই শেষ হল ‘দেশের মাটি’। দু’দিন আগেই শেষ হয়েছে এই ধারাবাহিক। এখন সেই ধারাবাহিকের জায়গা নিয়েছে নতুন এক ধারাবাহিক, নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এক রাহুলের জায়গায় অন্য রাহুল এলেও, দর্শকের মন থেকে রাজা-মাম্পির জুটি মুছে যায়নি।
এই কারণে আজ, মঙ্গলবার অনুরাগীদের মন খারাপের ওষুধ দিলেন মাম্পি ওরফে রুকমা রায়। রাহুলের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করেছেন তিনি। সলমন-করিশ্মার ছবি ‘বিবি নম্বর ১’-এর গানে রিল বানিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী। দেশের মাটি শুটিংয়ের ফাঁকেই এই ভিডিও তোলা, তা বেশ বোঝা যাচ্ছে। মাম্পির পরনে লাল শাড়ি, মাথায় সিঁদুর, আর অন্যদিকে রাজা পরনে সাদা পাঞ্জাবি ও জিনস। ক্যামেরার সামনে বউকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিলেন রাজা।
এই ভিডিওর ক্যাপশনে রুকমা লিখেছেন, “নিন মন ভালো করুন’। সঙ্গে যোগ করেছেন তিনটে হৃদয়ের ইমোজি। কমেন্ট বক্সে রাম্পি ভক্তদের উত্তেজনা যেন উপচে পড়ছে। একজন লিখেছেন, “আমি তো মরেই গেলাম এটা দেখে”। আবার অন্য একজন লিখেছেন, “এটা শেষ কেন হল, আরেকটু চলতে পারত, তোমরা সেরা জুটি”।
View this post on Instagram
দেশের মাটি-র হঠাৎই বন্ধ হয়ে যাওয়ার জেরে মন খারাপ অনুরাগীদের। এর আগে লাইভে এসে রাহুল জানিয়েছিলেন, “সব ভালো জিনিসেরই তো একটা শেষ থাকে। এটারও তাই। এই পাগলিটাকে সেটে এসে রোজ দেখতে পাব না ভাবলেই মন খারাপ হচ্ছে। খুব ভালোবাসি ওকে”।
অন্যদিকে রুকমাও বলেছিলেন, “শেষ তো একদিন হতই। হয়তো একটু জলদি শেষ হল, এই যা। আমি এত ধারাবাহিকে কাজ করেছি, কিন্তু এই একটা ধারাবাহিক যেটা আমি রোজ দেখতাম হটস্টারে। এই কাজটা আমার কাছে খুব স্পেশ্যাল ছিল”।





