আশির দশকে দারুণ গতিতে উত্থান হয় তাঁর। একের পর এক হিন্দি ছবিতে তাঁর গানের ছন্দে মেতেছিল গোটা দেশ। সকলকে একপ্রকার গানে ডুবিয়ে রাখা বাপ্পি লাহিড়ী নাকি আর গান গাইতে পারবেন না। তিনি নাকি গলার স্বর হারিয়েছেন, বেরোচ্ছে না কথাও। এমনই গুঞ্জন বলিউডে। এসবের মধ্যেই বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ীর কথায় আর বাড়ল গুঞ্জন।
একসময় মিঠুন চক্রবর্তী ছবিতে বাপ্পি লাহিড়ীর সুর ও নায়কের লিপে বাপ্পির লাহিড়ীর গান জনপ্রিয় হয়ে ওঠে। একাধিক সুপারহিট ছবিতে বাপ্পির সুর ও গান আজও দর্শকের কাছে উজ্জ্বল। কিছু বছর আগেও ‘দ্য ডার্টি পিকচা’ ও ‘গুন্ডে’ ছবিতে তা গাওয়া গানে নেচে উঠেছিল দর্শক।
কিন্তু সেই বাপ্পি লাহিড়ীই নাকি এখন গাইতে পারছেন না। কয়েকমাস আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ অ্যান্ড ক্যান্ডি হাসপাতালে। করোনা মুক্ত হলেও তা শরীর সম্পূর্ণ ঠিক হয়নি। এরপরই গুঞ্জন ওঠে যে বাপ্পি লাহিড়ীর গলার স্বরও নাকি চলে গিয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ইন্ডাস্ট্রির কয়েকজন ব্যক্তিত্ব তাঁকে দেখতে তাঁর বাড়ি যান। কিন্তু খবর, তাদের সঙ্গেও কথা বলতে পারেননি তিনি। তাদের মধ্যেই কেউ কেউ জানিয়েছেন যে শরীর একেবারে ভেঙে গিয়েছে বাপ্পি লাহিড়ীর।
এদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে লস অ্যাঞ্জেলস থেকে দেশে ফেরেন বাপ্পি-পুত্র বাপ্পা লাহিড়ী। এরপর আর আমেরিকায় ফেরেন নি তিনি। বাবার খেয়াল রাখছেন। বাপ্পি লাহিড়ীর পরিবার ঘনিষ্ঠ এক সূত্রের খবর, ফুসফুস সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে তাঁর। এই কারণে চিকিৎসক বাপ্পিকে কথা বলতে বারণ করেছেন।
তবে বাবার এই স্বর হারানোর কথা সরাসরি না বললেও হাবেভাবে কিছুটা ইঙ্গিত দিয়েছেন বাপ্পা লাহিড়ী। জানিয়েছেন করোনা বেশ খারাপভাবেই তাঁর বাবার স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। করোনা হওয়ার পর একটু ঝিমিয়ে গিয়েছেন তিনি। এর উপর হাঁটুর সমস্যা তো রয়েছেই। তা সম্প্রতি আরও বাড়ায় হাঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছেলের আশা ভবিষ্যতে বাবা ফের আগের মতোই ভালোভাবে চলাফেরা করে সুস্থ জীবনে ফিরবেন।





