‘ধড়ফড়িয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা’, কেকে বিতর্ক নিয়ে রূপঙ্কর ক্ষমা চাওয়ার পর এবার কবিতা পোস্ট করলেন তাঁর স্ত্রী

গতকাল, শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কেকে-র বিষয়ে তাঁর অপমানজনক কটূক্তির জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি কবিতা পোস্ট করলেন তাঁর স্ত্রী চৈতালি লাহিড়ী। এই কবিতায় তিনি লেখেন, ‘বরটা বড়ই বোকা’।

গত মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠান করতে আসেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। তাঁর অনুষ্ঠানের কিছু আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রূপঙ্কর বাগচি বলেন, ‘হু ইজ কেকে’? এমনকি, তিনি এও বলেন যে বাংলার শিল্পীরা কেকে’র থেকে অনেক উচ্চমানের। তাঁর এমন কটূক্তির পর কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে।

আর কাকতালীয়ভাবে সেদিনই রাতে অনুষ্ঠান শেষের পর মৃত্যু হয় কেকে-র। এর জেরে রূপঙ্করকে নিয়ে বিতর্ক মাত্রা ছাড়ায়। কেকে-র আকস্মিক মৃত্যুর ঘটনায় রূপঙ্করের দিকে আসে সমালোচনার ঝড়। সাধারণ জনতা থেকে শুরু করে তারকা মহল, সকলে নিন্দামুখর হন রূপঙ্করের। তাঁর স্ত্রী এমনও অভিযোগ করেন যে রূপঙ্করকে নাকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে গতকাল, শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজের ওই ভিডিওর জন্য নিঃশর্ত ক্ষমা চান রূপঙ্কর। একটি বিবৃতি পড়ে শোনান তিনি। বিবৃতিতে তিনি বলেন, “প্রয়াত কেকে’র পরিবারের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। পরলোকগত গায়কের পরিবারের কারও সঙ্গে আমার পরিচয় নেই। কিন্তু আপনাদের মাধ্যমে মুম্বইবাসী তাঁদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিক দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন”।

তিনি এও জানান যে তাঁকে যে জীবনে এমন বিভীষিকার মুখে পড়তে হবে, তা তিনি কখনও কল্পনাও করতে পারেন নি। এর ফল তাঁর গোটা পরিবারকে ভুগতে হচ্ছে বলে জানান সঙ্গীতশিল্পী। তবে এদিন সকলের সামনে ক্ষমা চাইলেও, তাঁকে যেন কিছুতেই ক্ষমা করতে পারছেন না কেউই।

গতকালের রূপঙ্করের ওই সাংবাদিক বৈঠকের পর আজ, শনিবার তাঁর স্ত্রী চৈতালি লাহিড়ী ‘রাত জাগা ভোর’ নামের কবিতাটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ কবিতার শুরুতে তিনি লেখেন, “স্যোশাল মিডিয়া তোমার দেওয়া আ্যড্রনালিন রাশ / ছোট্ট পরিবারের জীবনে নামিয়ে এনেছে ত্রাস / দরকার একটা স্মার্টফোন আর মনে একরাশ ঘৃণা, জীবনের যত না পাওয়ার যন্ত্রণা আর কিছু বাহানা”।

‘ধড়ফড়িয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা’, কেকে বিতর্ক নিয়ে রূপঙ্কর ক্ষমা চাওয়ার পর এবার কবিতা পোস্ট করলেন তাঁর স্ত্রী

এরপর তিনি আরও লেখেন, “অসহায় সে পরিবারের টিন এজ মায়ের মনে / ধড়ফড়িয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা / দুনিয়াদারিতে নেহাৎ কাঁচা শিল্প যাপনে মগ্ন থাকা”। তবে তাঁর এই কবিতার মাধ্যমে তিনি সকলের সামনে নিজের স্বামীকে ‘বোকা’ বললেন বটে, তবে তাঁর এই কথার মধ্যে দিয়ে যেন কোথাও গিয়ে তিনি নিন্দুকদেরই বিদ্রুপ করলেন। তবে নেটিজেনরা চৈতালির এই কবিতায় যে ভোলবার নন, তার প্রমাণ তাঁর কমেন্ট বক্স।

RELATED Articles

Leave a Comment