প্রথমবার কেমো নেওয়া হয়েছে। এবার পালা দ্বিতীয় কেমোর। এই কারণে এক ঢাল চুল কেটে ন্যাড়া হতে হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। সেই চিকিৎসা করাতেই চুল কেটে ফেললেন অভিনেত্রী। ঐন্দ্রিলাকে সাহস জোগাতে নিজেও ছোটো করে চুল কেটে ফেললেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী চৌধুরী।
পাশাপাশি দুটো ছবি। একটা পাঁচ মাস আগেকার, অন্যটা এখনকার। তবে দুটো ছবির মধ্যে কত ফারাক। একটা ছবিতে দুজনের মাথাতেই চুল ভর্তি, অন্য ছবিতে ঐন্দ্রিলা ন্যাড়া ও সব্যসাচীর চুল ছোটো করে কাটা। বান্ধবীকে ভরসা দিতেই এমন সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
আরও পড়ুন- একেই বলে বন্ধুত্ব! প্রিয় বান্ধবীর জন্য নজিরবিহীন পদক্ষেপ নিলেন ঐন্দ্রিলার বান্ধবী
২০১৬ সালে একবার ক্যানসার আক্রান্ত হন ঐন্দ্রিলা। সেই সময় তাঁর শিরদাঁড়া আক্রান্ত হয়। সেরেও উঠেছিলেন। কিন্তু ফের কিছুদিন ধরে যন্ত্রণা অনুভব করায় চিকিৎসকের পরামর্শ নেন তিনি। জানতে পারেন, ফের ক্যানসারে আক্রান্ত তিনি। এবার ফুসফুস। চিকিৎসা করাতে দিল্লি উড়ে যান ঐন্দ্রিলা।
ফের ক্যানসার ফিরে এসেছে শুনে বেশ ভেঙে পড়েন অভিনেত্রী। হাসপাতালের বেডে শুয়েই সেকথা সোশ্যাল মিডিয়ায় সকলকে জানান তিনি। চিকিৎসা করাবেন না, জেড ধরেছিলেন। কিন্তু তাঁকে বোঝাতে দিল্লি উড়ে যান সব্যসাচী। তখন থেকেই তাঁর ছায়াসঙ্গী তিনি। সকলের সমর্থন পেয়ে ফের জীবনযুদ্ধের লড়াইয়ে নেমেছেন ঐন্দ্রিলা।
আরও পড়ুন- ইংরেজি উচ্চারণ নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন জুন আন্টি
তাঁর লড়াই শুরু হয় ৮ই মার্চ নারী দিবসের দিন থেকেই। কেমোর প্রথম ডোজ নেওয়ার পর শুটিং সেটেও ফিরে যান ঐন্দ্রিলা। সম্প্রতি, ‘জিয়ন কাঠি’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।






