ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে ফের নিজের পুরনো ছন্দে ফিরলেন সঞ্জু বাবা, স্যালনে গিয়ে করালেন নতুন হেয়ার স্টাইল

কয়েকদিন আগেই সকলের সঙ্গে ভাগ করে নেন খুশির খবর। ক্যানসারকে জয় করেছেন তিনি। ছেলেমেয়ের জন্মদিনের দিন এই খুশির খবরই উপহার দেন তিনি সন্তানদের। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান, ভগবান হয়ত কঠিন লড়াইয়ের জন্য তার কঠিন সৈন্যকেই যুদ্ধে পাঠান। তার এই খুশির খবর পেয়ে বেজায় উৎফুল্ল তার অনুরাগীরা। অনেক শুভেচ্ছা বার্তা ও ভালোবাসা পেয়েছেন তাঁদের থেকে।

ক্যানসার থেকে সেরে উঠতেই ফের নিজের চেনা ছন্দে ফিরলেন সঞ্জয় দত্ত। নতুন হেয়ার কাটে রীতিমতো চমকে দিলেন সকলকে। আবার সেই দাপট, চেহারায় জেল্লা ফিরেছে অভিনেতার। স্যালনে গিয়ে নিজেকে নতুন লুক দিলেন তিনি। তার নতুন এই অবতারের ছবি সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। নতুন হেয়ার কালারে নিজেকে নতুন করে ফিরে পেলেন বছর ৬১-এর সঞ্জু বাবা।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসেই তিনি জানান যে কিছুদিনের জন্য কাজ থেকে বিরত থাকবেন তিনি। তখন ঠিকভাবে কারণ জানা না গেলেও, পরে প্রকাশ্যে আসে সঞ্জয় দত্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। জানা যায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। এরপরই তার চিকিৎসা শুরু হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। এরপর ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে স্ত্রী মান্যতাকে নিয়ে উড়ে যান দুবাইতে। এই সময় মুম্বই এয়ারপোর্টে তার একটি ছবি প্রকাশ্যে আসে। তার দুর্বল ভেঙে পড়া সেই ছবি দেখে দুঃখপ্রকাশ করে তার অনুরাগীরা। কিন্তু ক্যানসারকে জয় করে ফের দর্শকের কাছে নিজের পুরনো চেহারায় ধরা দিল সঞ্জু ভাই।

RELATED Articles