সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণের গুরুতর অভিযোগ উঠেছিল। যে অভিযোগ এখনো চলছে এবং খুব সহজে যে এই ব্যাপারটি মিটবে না তা এত দিনের ঘটনার গতিপ্রকৃতি থেকে স্পষ্ট।
কিংবদন্তি সুরকার এ.আর.রহমান বেশ কিছুদিন আগেই অভিযোগ করেছিলেন যে তাঁর সঙ্গেও বলিউডে নেপোটিজম হয়েছে। কাকতালীয়ভাবে সুশান্তের অভিনীত শেষ ছবি দিল বেচারার সুরকারও তিনি।রহমান রীতিমত আক্রমণাত্মক সুরে বলেছিলেন, তাঁকে বলিউড থেকে তাড়াতে বিরাট একটা গ্যাং সক্রিয়।
এবার এ আর রহমানের পাশে দাঁড়ালেন বলিউডের বিখ্যাত পরিচালক শেখর কপুর। তিনি বললেন যে রহমান তো অস্কার পেয়েছে তাই তাকে বলিউডের অনেক লোকজন সহ্য করতে পারেনা। এ.আর যেমন জাতীয় পুরস্কার পেয়েছেন তেমন বিদেশে ভারতের নাম উজ্জ্বল করেছেন অস্কার পেয়ে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, বলিউডের একটি প্রভাবশালী গোষ্ঠী তাকে সহ্য করতে পারেনা। তিনি বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা গ্যাং রয়েছে, যাঁরা আমার সম্পর্কেও গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। ভালো ছবি না বলার ক্ষেত্রেই এরা এই গুজব ছড়িয়েছে।”
দিল বেচারা সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন, “যখন মুকেশ ছাবরা আমার কাছে আসে তাঁকে দু দিনে চারটি গান দিয়েছিলাম। তিনি আমাকে বলেছিলেন, স্যার, অনেকে বলেছিল, রহমানের কাছে যেও না এবং আমাকে বিভিন্ন কথা শুনিয়েছেন। আমি এটা শোনার পর বুঝতে পারি, কেন ভালো সিনেমাগুলোতে কাজের প্রস্তাব পাই না। একটি বড় চক্র আমার বিরুদ্ধে কাজ করছে এবং না জেনেই ক্ষতি করে চলেছে।” প্রসঙ্গত মুকেশ ছাবরা হলেন দিল বেচারার পরিচালক।
রহমানের এই সাক্ষাৎকারের পর প্রতিক্রিয়া দিয়েছেন শেখর কপুর। শেখর কপুরের পানি সিনেমাতে অভিনয় করার কথা ছিল সুশান্তের। কিন্তু যশ রাজ ফিল্মস এই ছবির মাঝপথেই নিজেদেরকে সরিয়ে নেয় ফলে বন্ধ হয়ে যায় পানির শ্যুটিং। যাতে সুশান্ত অনেক কষ্ট পেয়েছিলেন বলে এর আগেই জানিয়েছেন শেখর কপুর।
তিনি রহমানের সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে ক্যাপশনে লেখেন, “এ.আর রহমান, আপনি কি জানেন আপনার সমস্যাটা কোথায়? আপনি গিয়ে অস্কারটা জিতে এসেছেন। বলিউডে অস্কারটা মৃত্যুকে চুম্বনের শামিল। এটা প্রমাণ করে যে আপনার যা প্রতিভা রয়েছে, তা সামলানোর ক্ষমতা বলিউডের নেই…।”
এবং এ.আর রহমান শেখর কপুরের এই বক্তব্যের প্রত্যুত্তর দিয়েছেন টুইটারেই। তিনি ট্যুইটে লিখেছেন, “হারানো টাকা ফিরে আসে, সম্মান ফিরে আসে, তবে জীবনের নষ্ট হয়ে যাওয়া সময় আর কোনওদিন ফিরে আসে না। শান্তি! এগিয়ে চলা যাক। আমাদের আরও বড় কিছু করার আছে।”
তবে যতই তাঁর বিরুদ্ধে প্ল্যানিং-প্লটিং করা হোক না কেন রহমান কিন্তু এই সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, “আমি ভাগ্যে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী। আমি মনে করি ভালো কাজ ভগবানই দেন। কিন্তু আমি সবাইকে বলতে চাই যে আমি সবার সঙ্গে কাজ করতে চাই।”





