অবশেষে প্রতীক্ষার অবসান। ফের একসঙ্গে ফিরছেন জনপ্রিয় জুটি শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। কাজের সূত্রে নিজেদের অতীত ভুলে ফের একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। শ্রোতাদের মুগ্ধ করতে খুব শীঘ্রই আসছেন তাঁরা।
জানা গিয়েছে, অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লকডাউন’-এ এই দুই সুরের জাদুকর একসঙ্গে গান গাইবেন। এই ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী, সোহম, রাজনন্দিনী, মানালি, ওম, আদৃতের মতো বেশ পরিচিত তারকার। খুব তাড়াতাড়িই তাদের পর্দায় দেখতে পাবে দর্শকেরা।
অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালিত এই ‘লকডাউন’ ছবিতে গান লেখার পাশাপাশি তাতে সুরও দিয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়। “লকডাউন” নামক ছবিতে ‘তোমার কপালে শীতঘুম’ গানে পুরুষ কন্ঠে শোভন এবং মহিলা কন্ঠে ইমনের সুরের জাদুতে মুগ্ধ হতে চলছেন
সঙ্গীতপ্রেমীরা। একসময়ে টলিউডের পাওয়ার কাপেল ছিলেন ইমন চক্রবর্তী এবং শোভন গঙ্গোপাধ্যায়। তাঁরা দু’জনেই একসময় খুল্লমখুল্লা প্রেম করেছেন। যদিও তাদের এই প্রেমের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।
তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তা নিয়ে ইমন এবং শোভন দুজনের কেউই সোশ্যাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে কিছুদিন আগেই সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বিনোদন জগতের জনপ্রিয় গায়িকা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। অন্যদিকে, জি বাংলার “সা রে গা মা পা”-র মাধ্যমে শোভনও বর্তমানে টলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক হয়ে উঠেছেন।
শোভনের সুরের জাদুতে মুগ্ধ সকলেই। গায়ক নিজের কেরিয়ার জীবনে জনপ্রিয়তা লাভের পাশাপাশি বর্তমানে ব্যক্তিগত জীবনকেও ভালোই চালনা করছেন। বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। তবে ইমন এবং শোভনের একসঙ্গে জুটি বেঁধে গান গাওয়ার খবরটি শুনে তাদের অনুরাগীরা ভীষনভাবে আনন্দিত।





