১৯ বছর আগে এক বিস্ময় ঘটে বলিউডের পর্দায়। ১৯ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালীর ছবি ‘দেবদাস’। সেদিনের স্মৃতি হাতড়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্রেয়া ঘোষাল।
১৯ বছর আগে এই ছবিতেই নিজের প্রথম প্লেব্যাক করেন শ্রেয়া ঘোষাল। ‘দেবদাস’ ছবিতে দুটি গান গেয়েছিলেন তিনি- ‘বৈরি পিয়া’ ও ‘ডোলা রে’। আর প্রথম এই ছবিতেই বাজিমাত করেন শ্রেয়া। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
এরপর একের পর এক হিট গান উপহার দেন তিনি। তবে ‘দেবদাস’ গান গাওয়ার সুযোগ যে তিনি পেয়েছিলেন, তা-ও বেশ অন্যরকমভাবেই। জি টিভির রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-তে জয়ী হন শ্রেয়া। এই শো নিয়মিত দেখতেন পরিচালক সঞ্জয় লীলা বনশালীর মা লীলা বনশালী। ওই শো-এ শ্রেয়ার গাওয়া নানান গান মুগ্ধ করে তাঁকে। এরপরই তিনি সঞ্জয় লীলা বনশালীকে শ্রেয়ার কথা বলেন।
এদিনে ‘দেবদাস’ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লেখেন, “১৯ বছর আগে আজকের দিনেই আমি জনপ্রিয় ছবি ‘দেবদাস’-এর মাধ্যমে হিন্দি ফিল্মে নিজের ডেবিউ করেছিলাম। এত বছর পরও সেই গান বানানোর নানান মুহূর্ত আমার স্মৃতিতে উজ্জ্বল। সঞ্জয় লীলা বনশালী স্যারের কাছে আমি সর্বদা কৃতজ্ঞ একটি ১৬ বছরের মেয়ের উপর এতটা ভরসা করার জন্য। আমি আমার মা-বাবাকেও কৃতজ্ঞতা জানাই রাত দিন আমার সঙ্গে থাকার জন্য যাতে আমি আজ যা হয়েছি তা হতে পারি, তার জন্য”।
View this post on Instagram
এই পোস্টের সঙ্গেই প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকেও শ্রদ্ধা জানিয়েছেন শ্রেয়া। কারণ দর্শক পর্দায় দেবদাস বলতে প্রথমে দিলীপ কুমারকেই চিনেছিলেন। শ্রেয়ার এই পোস্টে কমেন্ট ও লাইকের বন্যা বয়ে গিয়েছে। শুধু তাই-ই নয়, কমেন্টে অনেকেই নিজেদের নানান স্মৃতি শেয়ার করেছেন এই ছবিকে নিয়ে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দেন শ্রেয়া। সেকথাও সকলের সঙ্গে সোশ্যাল মাধ্যমে শেয়ার করেন গায়কা। ছেলের নাম রেখেছেন দেব্যান।





