মা হওয়া যে কোনও নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সবচেয়ে আনন্দের মুহূর্ত। নিজের মধ্যে একটা ছোট্ট প্রানের সঞ্চার ঘটানো যে কতটা গর্বের, তা একজন পুরুষ কখনোই আন্দাজ করতে পারবে না। কিন্তু মা হওয়া কী অতোই সোজা? মা হওয়ার সময় তো বটেই, কিন্তু মা হওয়ার পরও শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে থাকে। ওজন বেড়ে যাওয়া, চুল পরে যাওয়া, চোখে মুখে কালি, শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় নতুন মায়ের। কিন্তু তবুও শত কষ্ট চেপে রেখেও নিজের সন্তানকে মানুষ করেন একজন মা। কিন্তু এতো কিছু সত্ত্বেও সমালোচনার মুখে পড়তে হয়ই তাদের। আর সেলিব্রিটি হলে তো আর কথাই নেই।
ছেলে ইউভানের জন্মের পর শুভশ্রীকেও এই একই ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ছেলের সঙ্গে বা নিজের এই সময়ের কোনও ছবি শেয়ার করলেই তাকে বিশ্রীভাবে সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য করা হচ্ছে। “কী সাংঘাতিক ওজন বেড়েছে শুভশ্রী”, “আপনার কি চুল পড়ছে?”, “ওয়ার্ক আউট করুন। শেপে আসুন।” এই ধরণের বিভিন্ন মন্তব্য হামেশাই দেখা যাচ্ছে শুভশ্রীর কমেন্ট বক্সে। কিছু মানুষ চিন্তার খাতিরে লিখলেও অধিকাংশ মানুষই এসব লেখেন ট্রোল করার মানসিকতা নিয়েই। সেই ট্রোলারদের উদ্দেশ্যেই একটি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।
দু বছরের পুরনো এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মডেল মারা মার্টিন নিজের সন্তানকে ব্রেস্টফিড করাতে করাতে ব়্যাম্পে হাঁটছেন। বিকিনি পরে, শরীরে অতিরিক্ত মেদ নিয়েই তিনি নিজের র্যাম্প ওয়াক শেষ করলেন। এই ভিডিওর মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিয়েই বার্তা দিলেন শুভশ্রী। কিছু না লিখেই অনেক কিছু বলে ফেললেন তিনি।
নিজের ট্রোলারদের এই ভিডিওর মাধ্যমেই মোক্ষম জবাব দেন শুভশ্রী। সদ্য মা হওয়া কোনও মহিলআকে যারা বডিশেমিং বা রূপ নিয়ে কোনও কুমন্তব্য করেন, এই ভিডিও তাদের গালে সপাটে এক চড় কষিয়েছে। মা হওয়ার মতো বড় সুখ আর নেই। তাই সেই মাতৃত্ব ও তার সঙ্গে জড়িত কোনও কিছু নিয়েই লজ্জা পাওয়ার কিছু নেই বলেই মনে করেন অভিনেত্রী। বরং মায়ের শরীরের স্ট্রেচমার্ক থেকে অতিরিক্ত মেদ, এসবই মনে করে দেয় সেই নয় মাসের দিনগুলিকে যখন নিজের সন্তানকে নিজের মধ্যে একটু একটু বাড়িয়ে তোলে কোনও মা।





