সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ এখন পুরোদমে চলছে, আর তা নিয়ে দর্শকদের উত্তেজনাও তুঙ্গে। নিজের জীবন নিয়ে তৈরি এই ছবির শুটিংয়ে মাঝেমধ্যে সময় পেলেই হাজির হচ্ছেন দাদা নিজে। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানান, বিশেষ করে ব্যাটিং সংক্রান্ত দৃশ্যগুলিতে অভিনেতা রাজকুমার রাওকে তিনি কিছু পরামর্শও দিচ্ছেন। অভিনেতা হিসেবে রাজকুমারের কাজ নিয়ে তিনি খুবই সন্তুষ্ট এবং তাকে পুরো নম্বরই দিয়েছেন।
বাঙালি দর্শক এখন অপেক্ষা করছে বড় পর্দায় সৌরভের জীবনের গল্প দেখার জন্য। ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ ছবিটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। সৌরভ জানিয়েছেন, শুটিংয়ের ফাঁকে ফাঁকেই তিনি সেটে গিয়ে দেখছেন সবকিছু ঠিকঠাক হচ্ছে কি না। রাজকুমারের সঙ্গে তার নিয়মিত কথাবার্তাও হচ্ছে, যাতে চরিত্রটি আরও বাস্তবভাবে ফুটে ওঠে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজকুমারের সঙ্গে সৌরভের চেহারার মিল খুব একটা নেই। এই প্রসঙ্গে দাদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একেবারে হুবহু মিল খোঁজা ঠিক নয়। তার মতে, এটা একটি সিনেমা, যেখানে অভিনেতা চরিত্রটি তুলে ধরেন, সেই ব্যক্তির হুবহু প্রতিরূপ হওয়া জরুরি নয়। মানুষ অনেক সময় ভুলভাবে ধরে নেয় যে দেখতে একই রকম হওয়া দরকার, যা বাস্তবে সম্ভব নয়।
এই প্রসঙ্গে উদাহরণ টেনে তিনি বলেন, সুশান্ত সিং রাজপুতকে এমএস ধোনির মতো দেখতে না হলেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল। একইভাবে রণবীর কাপুরকেও সঞ্জয় দত্তের মতো দেখতে নয়, তবুও তিনি চরিত্রটি সফলভাবে ফুটিয়ে তুলেছেন। তাই রাজকুমারের অভিনয়ই এখানে মূল বিষয়, এবং সেই জায়গায় তিনি দারুণ কাজ করছেন বলেই মনে করেন সৌরভ।
আরও পড়ুনঃ ‘অপরা’ধের আগে দেখা হয় রাজনৈতিক পরিচয়, মৃ’ত শিশুকে আবারও মে’রে ফেলতে…’ বারুইপুর কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া ঋদ্ধি সেনের! পালাবদলের পরেও, রাজ্যে এমন নৃশং’স ঘটনায় ফুঁসে উঠলেন অভিনেতা!
ছবিতে ডোনার চরিত্রে দেখা যাবে তানিয়া মানিকতলাকে, যাকে নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সৌরভ জানিয়েছেন, সিনেমার ডোনাকে দেখে তার স্ত্রী ডোনাও খুশি। এছাড়া ছবিতে সৌরভের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অপরাজিতা আঢ্য। পরিচালনায় রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভের জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তার ক্রিকেট জীবন থেকে ব্যক্তিগত জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে।






