বেশ কিছুমাস হয়ে গেল শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন। জি বাংলার এই রিয়্যালিটি শো সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায় আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষ তো বটেই, মাঝেমধ্যে দাদার সঙ্গে দাদাগিরি খেলতে আসেন নানান অভিনেতা-অভিনেত্রীরাও। খেলার মাঝেই তাদের সঙ্গে বেশ জমিয়ে আড্ডাও দিতে দেখা যায় সৌরভকে।
গত সপ্তাহেই দাদাগিরি মঞ্চে দেখা গিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘মিঠিঝোরা’র নানান কলাকুশলীদের। দাদাকে নানান প্রশ্নও করেন তারা। এদিন ওই ধারাবাহিকের অভিনেতা সপ্তর্ষি রায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে কথায় কথায় জিজ্ঞেস করেন, “তোমার মতো একজন লড়াকু মানুষ, তোমার জীবন থেকে পাওয়া সেরা তিনটি শিক্ষা কী যা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও যাতে আমরাও সেগুলো মেনে চলতে পারি”।
এর উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, “জীবনের সব থেকে জিনিস হল অ্যাটিটিউড। আরেকটি হল, সবার জীবনে কিছু একটা জিনিস খুব কাছের হয়। যেমন আমার ক্রিকেট, তোমাদের অভিনয়। যেটা মনকে আনন্দ দেয় সেটাই করবে”।
সৌরভ এও বলেন, “অনেক সময় টাকা দিয়ে সবটা বিচার করে ফেলি। ওটা জরুরি, আমি বলছি না যে টাকা জরুরি নয়। ওটা জরুরি। কিন্তু তবুও বলব জীবনে নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা, পূরণ করাটাও জরুরি”। সকলেই সৌরভের এমন কথায় মুগ্ধ হয়ে যান।
View this post on Instagram
জি বাংলার তরফে শেয়ার করা এই ভিডিও ক্লিপ দেখে অনেকেই নানান কমেন্ট করেছেন। অনেকের কথাতেই তারা নিজের ভালোবাসাকেই নিজের পেশা বানিয়েছেন কিন্তু অনেকেই আবার তা করতে পারেন নি। এই ভিডিও দেখে একজন কমেন্ট করেন, “আমি গান ভালোবাসি দাদা। আর সেটাকেই পেশা বানিয়েছি”। আবার আরেকজন আক্ষেপ করে লেখেন, “ছোটবেলায় ফুটবল ভালোবাসতাম খুব। কিন্তু পেশা হল না”। এমন নানান কমেন্টেই ভরে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্স।





