১৭ কোটি টাকা হাতিয়েছে রিয়া, চলত তীব্র ইমোশনাল ব্ল্যাকমেল, এফআইআর-এ উল্লেখ করলেন সুশান্তের বাবা

বেশ কয়েক ঘণ্টা আগেই জানা গিয়েছে যে, সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুর জন্য পাটনার রাজেন্দ্র নগর থানায় শনিবার এফআইআর দায়ের করেছেন সুশান্ত এর বাবা কে কে সিং। এবার প্রকাশ্যে আসল পাঁচ পাতার সেই বিস্ফোরক এফ আই আর কপি।

আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল যে রিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সুশান্তের পরিবারের পক্ষ থেকে। সম্প্রতি জানা গিয়েছে এই পাঁচজন হলেন, রিয়া চক্রবর্তী, তাঁর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী, মা সন্ধ্যা, বোন শ্রুতি, ভাই শৌভিক চক্রবর্তী।

সুশান্তের বাবা অভিযোগ করেছেন যে, রিয়া সহ তার গোটা পরিবার সুশান্তের ওপর আর্থিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল। এছাড়াও সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকা সরিয়েছে রিয়া ও তাঁর পরিবার! এমনকি সুশান্তের ক্রেডিট ও এটিএম কার্ড এর নিয়ন্ত্রণ করতেন রিয়া। প্রয়াত অভিনেতার দুটি অ্যাকাউন্ট (কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক) থেকে সমস্ত টাকা নিয়ে রিয়া সেই টাকা ট্রান্সফার করেছিলেন তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্টে, অভিযোগ করেছে সুশান্তের পরিবার।

জৈব প্রক্রিয়ায় কৃষি কাজের জন্য টাকা বিনিয়োগ করতে চেয়েছিলেন সুশান্ত তবে সেখানে বাঁধ সেধেছিলেন রিয়া। এফআইআর-এ দাবি করা হয়েছে, সুশান্তকে হুমকি দিচ্ছিলেন রিয়া, যে তাঁর সমস্ত মেডিকাল সমস্যা সংক্রান্ত প্রেসক্রিপশন মিডিয়ায় ফাঁস করে দেবেন তিনি।

সুশান্তের দু’টি কোম্পানিতে ডিরেক্টর হিসেবে নাম রয়েছে রিয়া চক্রবর্তীর। এরমধ্যে একটি কোম্পানিতে রিয়ার ভাইয়ের নামও রয়েছে। সুশান্তের পরিবার এমনও বলছেন যে রিয়ার বিদেশ ভ্রমণের সমস্ত খরচা মেটাতেন সুশান্ত নিজে। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর দু’দিন আগেই নাকি সুশান্তের ল্যাপটপ আর সমস্ত গয়না নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান রিয়া।

এই এফআইআর-এ সুশান্তের বাবা স্পষ্ট উল্লেখ করেছেন যে সুশান্তকে তাঁদের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতেন রিয়া। ইতিমধ্যেই নিশান্ত সিং এর নেতৃত্বে বিহার পুলিশের চার সদস্যের একটি দল মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক ত্রিমুখের সঙ্গে সাক্ষাত করেছে। রিয়া ও তাঁর পরিবারকে এবার পাটনা পুলিশের জেরার মুখে পড়তে হবে।

RELATED Articles

Leave a Comment