গত সাত মাস ধরে বন্ধ থাকার পরে গত বুধবারই ফের খুলেছে। লকডাউনের সময় অনলাইনে সিনেমা দেখলেও, হলে বসে কোনও সিনেমা দেখার একটা অন্যরকমের অনুভূতি। সিনেমাপ্রেমী মানুষেরা সিনেমা হল খোলার অপেক্ষাতেই দিন গুনছিলেন। অবশেষে সরকারের নির্দেশে সমস্তরকম সুরক্ষাবিধি মেনে ও ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলল সিনেমা হল।
এরই মাঝে আরও একটি বড় চমক দিল এসভিএফ। দর্শকদের জন্য সুযোগ করে দিল মাত্র ১১ টাকায় সিনেমা দেখার। হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। মাত্র ১১ টাকায় আজকাল আর সত্যি সিনেমা দেখা যায় না। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করেছে এসভিএফ। তাদের তরফ থেকে ঠিক করা হয়েছে গোটা রাজ্যে ৯টি সিনেমা হলের মোট ১৬টি স্ক্রিনে ১১ টাকার বিনিময়ে সিনেমা দেখার সুযোগ থাকবে। গোটা সপ্তাহ জুড়েই এই অফার চলবে বলে জানা গিয়েছে।
https://twitter.com/SVFsocial/status/1316987116388339712?s=20
দেখে নেওয়া যাক কোন কোন সিনেমা হলে কী কী সিনেমা দেখা যাবে এই ১১ টাকায়। জানা গিয়েছে নরেন্দ্রপুর, বারুইপুর, মগড়া, ও কৃষ্ণনগরের বিভিন্ন সিনেমা হলের বিভিন্ন শোয়ে দেখা যাবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি ‘ছিছোড়ে’, আবির, অর্জুন অভিনীত ছবি ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, প্রসেনজিত চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘ গুমনামী’ পরমব্রত-অনির্বাণ অভিনীত ‘দ্বিতীয় পুরুষ’, ধৃতিমান চট্টোপাধ্যায় অভিনীত ‘প্রফেসর শঙ্কু’ ও অক্ষয় কুমার-বিদ্যা বালান অভিনীত ‘মিশন মঙ্গল’।
এই বিষয় নিয়ে এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনি জানান, “দীর্ঘ বিরতির পর সিনেমা হল্গুলি চালু হওয়ায় আমরা খুব খুশি। দর্শকদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই তাদের আবার সিনেমাহলে আসার আহ্বান জানাচ্ছি। যারা সিনেমা হল খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য টিকিটের দামে পরিবর্তন আনা হয়েছে। এটা এসভিএফের তরফ থেকে দর্শকদের জন্য উপহার। আশা করি, সকলের এই অফার ভালো লাগবে”।
দীর্ঘ প্রতিক্ষার পর সিনেমা হল খোলাতে আনন্দিত দর্শকমহলও। করোনা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা খুললেও থেকে যাচ্ছে সংক্রমণের আশঙ্কা। তাছাড়া, ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালালে তা আর্থিক দিক দিয়ে কতটা লাভজনক হবে, সে চিন্তাও ভাবিয়ে তুলছে হলের মালিকদের।





