সকলেরই ধারণা দুই নায়িকা নাকি কখনও ভালো বন্ধু হতে পারে না, তাও যদি তারা আবার একই ধারাবাহিক বা ছবিতে কাজ করেন, তাহলে তো দুই নায়িকার মধ্যে সেভাবে সদ্ভাব লক্ষ্যই করা যায় না। কিন্তু এই কথাকে মিথ্যে প্রমাণ করেছেন সৌমিতৃষা ও তন্বী। হ্যাঁ, সকলের প্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর মিঠাই ও তোর্সা।
পর্দায় তাদের সম্পর্ক একেবারে আদায়-কাঁচকলায়। ধারাবাহিকের হিরো সিড অর্থাৎ সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসতো তোর্সা। কিন্তু সিড তো মিঠাইকে স্ত্রী বলে মেনে নিয়েছে। এই কারণে মিঠাইয়ের উপর বেশ রাগ তোর্সার। মিঠাইকে জব্দ করতে তোর্সা একেবারে মোদক বাড়িতে মিঠাইয়ের জা হয়ে হাজির।
তবে পর্দায় তাদের সম্পর্ক যতই খারাপ হোক না কেন, বাস্তব জীবনে কিন্তু তারা বেস্ট ফ্রেন্ড। মাঝেমধ্যেই তাদের একসঙ্গে নানান রিল ভিডিও শুট করতে দেখা যায়। তাদের আরেক সঙ্গী হল পর্দার নন্দা অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বি। কিছুদিন আগেই মাঝরাতে তন্বীর জন্মদিন পালন করেছেন সৌমিতৃষা ও কৌশাম্বি মিলে। আবার মাঝেমাঝেই শুটিং শেষ হলে একসঙ্গে পার্টি করতে বেরিয়ে পড়েন তারা।
শুটিংয়ের সঙ্গে নিজের একটি ইউটিউব চ্যানেলও চালান তন্বী। সেই চ্যানেলে মিঠাই-এর শুটিং ফ্লোরের নানান ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি, এমনই একটি ভিডিও পোস্ট করেছেন তন্বী। এই ভিডিওতে দেখা যাচ্ছে একই টেবিলে বসে একই থালা থেকে খাচ্ছে মিঠাই, তোর্সা ও নন্দা। আসলে শুটিংয়ের জন্যই তৈরি হয়েছিল চিকেন। সেটাই তারা তিনজনে মিলে সাবাড় করছিল আর কি।
তিনজনকেই দেখা গেল বেশ তারিয়ে তারিয়ে চিকেন খেতে। শুধু তাই-ই নয়, তোর্সাকে দেখা গেল মিঠাই ও নন্দাকে খাইয়েও দিতে। তাদের এই বন্ধুত্ব দেখে মুগ্ধ বাঙালি দর্শক। মাত্র দুদিনেই ২ লক্ষের বেশি ভিউ পেয়েছে এই ভিডিওটি।
আপাতত ‘মিঠাই’ ধারাবাহিকে চলছে বেশ টানটান উত্তেজনা। সোম যে সত্যিই বাসি মিষ্টি বিক্রি করে, তা জানাজানি হয়ে গিয়েছে মোদক পরিবারে। সমরেশ সোমকে বলে দিয়েছে যাতে সে নিজের ব্যবসা আলাদা করে নেয়। এসবের মধ্যে বেশ ভেঙে পড়েছেন দাদাই। শেষ পর্যন্ত কী মিঠাই পারবে ব্যবসার এই ভাঙন রুখতে, নাকি সত্যিই আলাদা হয়ে যাবে সিদ্ধেশ্বর মোদক?





