কিছুদিন আগেই বন্ধ হয়েছে ‘এখানে আকাশ নিল’ ধারাবাহিকটি। তাড়াতাড়ির মধ্যে ধারাবাহিকটি শেষ করে দেওয়ায় দর্শকের রোষের মুখে পড়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। তাদের প্রিয় ধারাবাহিক শেষ করে দেওয়ার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হন অনেকেই। নিজেদের প্রিয় জুটি উজান ও হিয়াকে আর টেলিভিশনের পর্দায় দেখতে না পাওয়ার কষ্টকে যেন মেনে নিতে পারছিলেন না দর্শকদের একাংশ।
আগের বছরেও শুটিং-এ ব্যস্ত ছিলেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। আগের বছরই পুজোর আগে শুরু হয়েছিল এই ধারাবাহিক। এক বছরের মধ্যেই সমাপ্তি ঘটে এই ধারাবাহিকের।
কিন্তু ধারাবাহিক যেন শেষ হয়েও হয়নি। ‘হিয়ান’ জুটিকে ভুলে যায়নি তাদের ভক্তেরা। তাই ষষ্ঠীর দিনই নিজেদের অনুগামীদের এক নতুন চমক দিলেন হিয়ান। সদ্যোজাত সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মিষ্টি শুভেচ্ছা পোস্ট করেছেন হিয়া ও উজান। সেই ভিডিওতে ক্লিক করলেই দেখা যাচ্ছে উজানের পুজোর সাজ। হলুদ পাঞ্জাবী, সাদা চোস্ত ও জহর কোটে শনকে সত্যিই হ্যান্ডসাম হাঙ্ক লাগছে। আর অনামিকার পরনে দেখা গেল লালপেড়ে গরদের শাড়ি। দেবী বরণ করছেন হিয়া। পুজোয় ঢাকের তালে কোমর দোলাতেও দেখা গেল হিয়ানকে।
তাদের জীবনে এসেছে নতুন অতিথি কিন্তু তাই বলে তাদের প্রেমে একেবারেই ভাঁটা পড়েনি। নবজাতকের মিষ্টি মুখ শন শেয়ার করলেন আনন্দের সঙ্গে। হিয়ানের মধ্যে ভালোবাসা যে অফুরন্ত রয়েছে, তাও যাওয়ার আগে জানান দেন তারা।
‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের শেষ দৃশ্যে ধরা পড়েছে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য। কখনও তাদের দেখা গেছে ঠোঁটে ঠোঁটে রেখে ভালোবাসার স্বীকারোক্তি জানাতে আবার কখনও দেখা গেছে ভালবাসায় মত্ত হয়ে উজান একেবারে কাছে টেনে নিয়েছেন হিয়াকে। এই ধারাবাহিক শেষ হওয়াতে দর্শকদের মনে যে ক্ষোভ ছিল, তা যেন এই দৃশ্যের মাধ্যমে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল।





