মা’দ’ক কাণ্ডে এনসিবির জালে শাহরুখ-পুত্র আরিয়ান, অভিনেতার দুর্দিনে পাশে দাঁড়াল বলিউড ও অনুরাগীরা, টুইটারে ট্রেন্ড #WeStandWithSRK

নানান প্রত্যাখ্যান ও বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন বলিউডের বাদশা কিং খান। কিন্তু তাঁর জীবনেই এখন বড় বিপর্যয়। তাঁর পুত্র আরিয়ান খানের নাম জড়িয়েছে মা’দ’ক কাণ্ডে। এরপর থেকেই শাহরুখের দিকে নানান কটাক্ষ ধেয়ে এসেছে। অভিনেতার দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু বলি তারকা ও তাঁর অনুরাগীরা। এবার টুইটারে ট্রেন্ড হল #WeStandWithSRK।

ছেলে আরিয়ানের গ্রেফতার হওয়ার জেরে আর পাঁচটা অভিভাবকের মতো অত্যন্ত চিন্তিত শাহরুখ ও গৌরীও। ছেলের গ্রেফতার হওয়ার খবর পেয়েই স্পেনে শুটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন শাহরুখ। উদ্বেগের মধ্যে রয়েছেন গৌরীও। এনসিবি আদালতে ছুটে গিয়েছেন তিনি।

গতকাল রাতেই শাহরুখের বাড়ি মন্নতে যান অভিনেতা সলমন খান। তবে এই বিষয়ে কী কথা হয়েছে, তা নিয়ে কোনও শব্দ খরচ করেন নি তিনি। এদিকে এই বিষয় নিয়ে আগেই মুখ খুলেছিলেন আরেক বলি অভিনেতা সুনীল শেট্টি। আরিয়ানের কথা মাথায় রেখেই তিনি বলেছিলেন, “বাচ্চাটাকে শ্বাস নিতে দিন”।

আজ, সোমবার সকালেই টুইট করে পরিচালক হনসল মেহতা জানান যে একজন অভিভাবকের পক্ষে তাঁর সন্তানের জীবনের সমস্যার মুহূর্তের মুখোমুখি হওয়া খুবই বেদনাদায়ক। তিনি এও জানান যে তিনি এই সময়ে শাহরুখের পাশেই রয়েছেন।

এরই সঙ্গে বিপদের দিনে শাহরুখের পাশে রয়েছেন তাঁর অনুরাগীরাও। তাঁকে মন জোর দিয়ে নানান পোস্ট করেছেন অনেকেই। টুইটারে ট্রেন্ড হয়েছে #WeStandWithSRK।

RELATED Articles