ভোটের আগেই কি নতুন রাজনৈতিক সমীকরণ? ‘রিমোট কন্ট্রোল’ তত্ত্ব তুলে বিজেপিকে আ*ক্রমণ অভিষেক ব্যানার্জির! ভবিষ্যতে কোন পথে যেতে চলেছে বাংলার রাজনীতি?

ভোট যত এগিয়ে আসে, ততই রাজ্যের রাজনীতিতে নতুন নতুন ইস্যু সামনে আসে। কখনও তা আবেগে ভর করে, কখনও আবার সরাসরি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরেও একই ছবি ধরা পড়ছে। রাজনৈতিক ময়দানে এবার এক নতুন শব্দবন্ধ ঘুরছে “রিমোট কন্ট্রোল”। ঠিক কী বোঝাতে চাইছে এই শব্দ, আর কেনই বা তা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনেও।

প্রথমে বিষয়টি অনেকের কাছেই কিছুটা ধোঁয়াশা ছিল। কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, এই “রিমোট কন্ট্রোল” আসলে শুধুমাত্র একটি শব্দ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। অতীতেও ভোটের আগে নতুন তত্ত্ব সামনে এনেছে তৃণমূল। ২০২১ সালে “বহিরাগত তত্ত্ব”, পঞ্চায়েত ভোটের সময় “জমিদার” ইস্যু প্রতিটি ক্ষেত্রেই বিরোধীদের আক্রমণের কৌশল ছিল আলাদা। এবার সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন এই “রিমোট কন্ট্রোল”।

এই তত্ত্বকে সামনে এনে সরাসরি বিজেপিকে নিশানা করেছেন অভিষেক ব্যানার্জি। তাঁর দাবি, দিল্লি থেকেই বাংলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিজেপি। অর্থাৎ রাজ্যের প্রশাসন, অর্থ বরাদ্দ, এমনকি ভোট প্রক্রিয়াতেও কেন্দ্রীয় প্রভাব খাটানো হচ্ছে। তাঁর অভিযোগ, বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা, বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা সবকিছুই এই “রিমোট কন্ট্রোল” নীতির অংশ। পাশাপাশি তিনি আরও বলেন, এই কৌশলের মাধ্যমে বিভাজন এবং অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

তবে শুধু অভিযোগেই থেমে থাকেনি তৃণমূল। পাল্টা হিসেবে তারা তুলে ধরেছে “রিপোর্ট কার্ড”। মমতা ব্যানার্জির নেতৃত্বে গত ১৫ বছরে কী কী উন্নয়ন হয়েছে, সেটাই এখন প্রধান হাতিয়ার। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলিকে সামনে এনে সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হচ্ছে, কাজই আসল প্রমাণ। অর্থাৎ একদিকে যেখানে “রিমোট কন্ট্রোল” নিয়ে অভিযোগ, অন্যদিকে সেখানে উন্নয়নের খতিয়ান দেখিয়ে ভোটের ময়দানে নামছে শাসকদল।

আরও পড়ুনঃ কালীঘাটে বিশেষ প্রার্থনায় কঙ্গনা রানাওয়াত! নির্বাচনের প্রাক্কালে বাংলার মেয়েদের জন্য কী বার্তা দিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ?

সব মিলিয়ে ২০২৬-এর নির্বাচনকে নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে “রিমোট কন্ট্রোল বনাম রিপোর্ট কার্ড” লড়াই হিসেবে। একদিকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অভিযোগ, অন্যদিকে তৃণমূলের উন্নয়ন ও প্রতিশ্রুতি রক্ষার দাবি। অভিষেকের কথায়, এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং বাংলার আত্মসম্মান ও ভবিষ্যতের লড়াই। এখন দেখার, ভোটের ময়দানে কোন তত্ত্ব শেষ পর্যন্ত মানুষের মনে জায়গা করে নিতে পারে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles