‘বাংলাদেশে এবার যা হয়েছে তা ১৯৭১ সালেও হয়নি’, বুদ্ধিজীবীরা সব কোথায়, প্রশ্ন সমাজ বিশ্লেষকদের

বাংলাদেশে ঘটা সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে নাগরিক সমাজের অবস্থান মোটেই সন্তোষজনক নয়, এমনটাই মত সমাজ বিশ্লেষকদের। তারা মনে করছেন এর জন্য দায়ী পেশাজীবী ও বুদ্ধিজীবীদের মধ্যেকার রাজনৈতিক বিভাজন ও গণতান্ত্রিক পরিবেশ।

গত বুধবার কুমিল্লায় দুর্গামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের মধ্যে দিয়ে যে সাম্প্রদায়িক হামলার সূত্রপাত হয়, তা এখনও শেষ হয়নি। গত রবিবার রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, “এই পর্যন্ত প্রায় ২০টি জেলায় প্রায় ৪২টি স্থানে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মারা গেছেন চারজন”। তিনি বলেন, “হামলাকারীদের টার্গেট হল মন্দির, মণ্ডপ এবং ঘরবাড়িতে হামলা, আগুন দেওয়া, দোকানপাট লুঠ করা”। জানা গিয়েছে, এইসব ঘটনায় এখনও পর্যন্ত দশ জেলার ২৮টি মামলায় ৯ হাজার ৫২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। ২২৯ জনকে আটক করা হয়েছে বলে খবর।

এই বিষয়ে লেখক এবং গবেষক আহসানুল কবীর জানান, “বুধবার মন্দিরের যে ঘটনা তা আমার বাড়ি থেকে এক মিনিটের পথ। কিন্তু শুধু আমি কেন, আমাদের এখানে সুশীল সমাজ বা বুদ্ধিজীবী কেউই তাদের রক্ষায় এগিয়ে যাইনি। আমরা প্রতিবাদও করিনি। কিন্তু বিশ্বাস করুন, কুমিল্লার মানুষ সাম্প্রদায়িক নন। এখানে দীর্ঘদিন ধরে একটা ভয়ের পরিবেশ কাজ করছে। ফলে এখন প্রকৃত অর্থে কোনও সিভিল সোসাইটি নেই। কেউ স্বাধীনভাবে কথা বলেন না বা বলতে পারেন না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর সারাদেশের অবস্থা তো আপনারাই জানেন। সেটা কি আমায় বলতে হবে”।

জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের মতে এবারের সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে সিভিল সোসাইটি ও বুদ্ধিজীবীদের ভূমিকা নির্বাক দর্শকের মতো। তিনি এও মনে করেন যে তাঁরা যদি নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করতেন, তাহলে হয়ত হিংসা এত তীব্র রূপ নিত না।

তাঁর কথায়, “মানুষ আইনের শাসনের দুর্বলতা দেখে, ত্রুটি দেখে দারুণভাবে হতাশ। আগে ছুটে যেত কারণ ছুটে যাওয়ার মধ্যে যে প্রতিবাদ তার মধ্য দিয়ে কিছুটা হলেও রাষ্ট্রের কাছে প্রতিকার পাওয়া যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে, যে দেশে বলা হয় আইন তার নিজস্ব গতিতে চলবে, সেই দেশে বাস্তবে আইনের কোনও গতিই নাই। মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক চিন্তা কাজ করছে যে প্রতিবাদ করে কী হবে! কিছুই তো হচ্ছে না”।

তিনি আরও বলেন, “পক্ষান্তরে এইসব অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হয় না। তারা বীরদর্পে ঘুরে বেড়ায়। সুশীল সমাজ হয়তো মনে করছে এখন প্রতিবাদ করলে, ন্যায় কথা বললে প্রতিকার তো দূরের কথা উল্টো হয়রানির শিকার হতে হবে”।

কুমিল্লার ঘটনার পর গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কুমিল্লা-সহ আরও বেশ কয়েকটি জায়গায় ছুটে গিয়েছেন। আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি এই বিষয়ে বলেন, “অন্যরা কেন যাননি, পাশে দাঁড়াননি তা তারাই বলতে পারবেন। কিন্তু আমি তো চেষ্টা করেছি। তবে এবার সিভিল সোসাইটি বলেন, রাজনৈতিক কর্মীরা বলেন যে তাঁরা সবাই নির্লিপ্ত। যেন যা হয়েছে তাতে আমাদের কিছুই যায় আসে না। কিন্তু আমরা কেউই দায়িত্ব এড়াতে পারি না। এভাবে চললে আরো খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে”। তাঁর মতে, “প্রধান দায়িত্ব হল রাষ্ট্র ও সরকারের। তারা দায়িত্ব পালন করছে না। আর দেশে গণতন্ত্র না থাকায়, কথা বলার সুযোগ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে”।

এদিকে ডঃ জাফরুল্লাহ চৌধুরি তাঁর অভিজ্ঞতা জানিয়ে বলেন, “এবার যা হয়েছে তা ১৯৭১ সালেও হয়নি। ভাতের থালাও লাথি মেরে ফেলে দেয়া হয়েছে”।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আরেফিন সিদ্দিক জানান, “সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা আগে সিভিল সোসাইটির যে ভূমিকা দেখেছি এবার তা দেখতে পাচ্ছি না। আগে মতভেদ থাকলেও এই ধরনের ইস্যুতে তাঁরা ঐক্যবদ্ধ হতেন। কিন্তু এখন হচ্ছেন না। এর কারণ হতে পারে যে নাগরিক সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়েছেন। পেশাজীবী সংগঠনগুলিও পেশার সুবিধার বাইরে এখন আর কথা বলছে না”।

তাঁর মতে, “সাম্প্রদায়িক হামলা-সহ নাগরিকদের অধিকার এবং আরও নানা ইস্যুতে সিভিল সোসাইটি কথা না বললে গণতান্ত্রিক সমাজ গঠন কঠিন হয়ে পড়ে”। তিনি আরও বলেন, “এখন একটি সম্মিলিত প্রয়াস দরকার। কিছুদিন আগে দেখলাম নাসিরনগরের ঘটনায় চার্জশিটভুক্ত অভিযুক্তকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হল। সেটা কীভাবে সম্ভব হলো? সরকারের তো অনেক নেটওয়ার্ক আছে তারা কী করছে”।

রানা দাশগুপ্তের কথায়, “সিভিল সোসাইটি ও রাজনৈতিক দলগুলো আপাতত বিবৃতিতে সীমবদ্ধ আছে। আওয়ামী লিগ এবং বিএনপি তারা আছে পারস্পরিক দোষারোপে, ব্লেম গেমে”।

RELATED Articles