ফের ঘটনার পুনরাবৃত্তি। দোল পূর্ণিমার দিন রাতে বাংলাদেশের ঢাকার ইসকনের রাধাকান্ত মন্দিরে চলল হামলা। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এমনটাই জানানো হয়েছে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার রাতে প্রায় ২০০ জন এই মন্দিরে হামলা চালায়। এই ঘটনায় মন্দিরের বেশ কিছু সদস্যের আহত হওয়ার খবর মিলেছ।
গত বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশের নানান প্রান্তের হিন্দু পুজো মণ্ডপ, হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনা ঘটে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয় যে কোরানের নাকি অবমাননা করা হয়েছিল। এর জেরে একাধিক হিন্দু মন্দির ভাঙচুর করে কট্টরপন্থীরা।
সেই হামলায় কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর মেলে। এ নিয়ে বেশ চাপের মুখে পড়তে হয় বাংলাদেশ সরকারকে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের তরফে এই ঘটনার চূড়ান্ত নিন্দা করা হয়। কিন্তু এর কয়েকমাস কাটতে না কাটতেই সেই একই ঘটনা ঘটল প্রতিবেশী দেশে। দোল পূর্ণিমার রাতে তাণ্ডব চলল ইসকনের মন্দিরে।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার রাতে একদল রাতে উন্মত্ত জনতা ঢাকার ইসকনের মন্দিরে চালায় বলে অভিযোগ করা হয়েছে। চালানো হয়েছে লুটপাট। ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে যে ইটের দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একদল উন্মত্ত জনতা ধর্মীয় স্লোগান দিচ্ছেন কয়েকজনের হাতে বাঁশও দেখা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। একাংশের অভিযোগ, এই হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও পুলিশের তরফে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।





