মঙ্গলবার ছিল লোকসভা নির্বাচনের ভোট গণনা। বাংলা ভরেছে সবুজ আবিরে। মোদীকে হঠিয়ে জিতেছে মা মাটি মানুষ। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৯টি আসন পেয়েছে তৃণমূলের জোড়া ফুল। বিজেপির পদ্মফুল মাত্র ১২টি আসনে। কংগ্রেসের দখলে ১টি আসনে, বামেরা কোনো আসন পাননি।এদিন রাত বাড়তে থাকলেই উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।
টলিউড তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরিচালক বিরসা দাশগুপ্তের সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তৃণমূল জয়ের উচ্ছাস। তবে নাম করেননি তিনি। বউ বিদিপ্তা চক্রবর্তীকে ট্যাগ করে ফেসবুকে লিখলেন, “আজ কাবাব, বিরিয়ানি, রাম”। নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি, বিরসার এই পোস্টের লক্ষ্য লোকসভা ভোটে তৃণমূলের দারুন ফলাফল। এই পোস্টের মন্তব্যে অনেকেই তাদের ট্রোল করেছেন।

একজন লিখেছেন, “সঙ্গে একটা চটিও খাবেন। রামের সঙ্গে ভালো লাগবে।” অপরজন লেখেন, “ওমা! আজ তো জানতাম বাংলা খাওয়ার দিন।” অন্যজনের মন্তব্য, “ওখানেই শুরু, ওখানেই শেষ… আপনার মতো মানুষের থেকে এসব আশা করা যায় না। গোটা রাজ্যটা তো বিরিয়ানি, কাবাব আর মদেই আটকে আছে। আর আমাদের বাইরে যেতে হচ্ছে।” আবার কেউ লেখেন, “এসব পোস্ট না করলে, কীভাবে বুদ্ধিজীবী হবেন, সিনেমা তো আর চলে না।” কেউ বলেছেন, “আপনিও তৃণমূল করেন? আজ জানলাম”। অপরজনের মন্তব্য, ,”টলিউডের সেলেব্রিটিরা এখন গিরগিটির জাত। বিজেপি এলে এরাই কমলা হবে।”
গোটা বাংলা প্রায় বিজেপি বিরোধী বলাই চলে। সারাদেশেও বিজেপির লক্ষ্য পূরণ হয়নি। গত কয়েক বছর ধরে রাহুল গান্ধীর পরিশ্রম সার্থক হয়েছে বলেই মনে করছে অনেকে। এই ফলাফলে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে মেসেজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা ও জানিয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে জোটের বৈঠকে বলে জানা গেছে। মোদীর উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, “সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি সুতরাং যেমন খুশি আইন পাশ করানো যাবে না, আমরা ইন্ডিয়া জোট চেপে ধরব। মোদী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন ৷”
উল্লেখ্য, ২০২৩ সালে ১৫ অগস্ট বিরসার পরিচালনায় মুক্তি পেয়েছিল ব্যোমকেশ ও দুর্গ রহস্য। যেখানে প্রথমবার ব্যোমকেশ দেখা যায় দেবকে। আর সেখানে সত্যবতীর চরিত্রে দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে। প্রেক্ষাগৃহে বেশ ভালো ফল করেছে এই ছবি।





