এমনই কিছু আশঙ্কা ছিল বটে, আর সেটাই সত্যি হল। রেকর্ড পতন হল ভারতীয় মুদ্রার। আজ, মঙ্গলবার বাজার খোলার পরই পতন হয় ভারতীয় মুদ্রার। এদিন ডলার প্রতি টাকার দাম নেমে যায় ৮০ টাকাতে।
আজ সকালে বাজার খোলার সময়ও ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৯.৯৯ টাকা। কিন্তু সকাল ৯টা ১০ মিনিট নাগাদই নামতে শুরু করে ভারতীয় মুদ্রা। আর তা নামতে নামতে গিয়ে দাঁড়ায় ৮০.০৫ টাকাতে। শেষ খবর অনুযায়ী ভারতীয় মুদ্রার দাম গিয়ে দাঁড়িয়েছে ৮০.০২ টাকাতে।
সোমবার মধ্যরাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বেড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ব্যক্তিগত ভাবে অনুরোধ জানানো সত্ত্বেও, তেলের জোগান বাড়াতে রাজি হয়নি সৌদি আরব। তার পরই এ দিন সকালে টাকার দামে আরও পতন ঘটে।
চলতি মাসের ২৬ ও ২৭ তারিখে আমেরিকার ফেডারেল রিজার্ভ একটি বৈঠক ডেকেছে। এখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সেই বৈঠকের দিকেই তাকিয়ে। সূত্রের খবর, আরবিআই-য়ের তরফে সুদের হার বাড়ানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। একেই ভারতীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতির জট, এর উপর ডলার প্রতি টাকার পতনের জেরে আগামীতে অর্থনীতির হাল কী হতে চলেছে, তা নিয়ে বেশ চিন্তিত বিনিয়োগকারীরা।
এই নিয়ে পরপর সাতবার রেকর্ড পতন হল ভারতীয় মুদ্রার। গতকাল, সোমবারও কিছুক্ষণের জন্য ভারতীয় মুদ্রা নেমে যায় ৮০-তে। তবে বাজার বন্ধের আগে তা উঠে আসে ৭৮.৯৮ টাকাতে। তবে আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই ভারী পতন ঘটল ভারতীয় মুদ্রায়।
শুধুমাত্র চলতি বছরেই ভারতীয় মুদ্রাতে ৭ শতাংশ পতন ঘটেছে। এর জেরে নানান বিদেশী বিনিয়োগকারীরা ভারত-বিমুখ হতে শুরু করেছে। চলতি বছরেই এখনও পর্যন্ত বিদেশী বিনিয়োগকারীরা ভারতের বাজার থেকে ২ হাজার ৯০০ কোটি ডলার তুলে নিয়েছেন বলে খবর মিলেছে।





