ফের ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল আরবিআই। গত এপ্রিল মাসেই একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটেছে। এবার ৯৩ বছরের পুরনো অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা লক্ষ্মী বিলাস ব্যাঙ্কও অন্য একটি ব্যাঙ্কের সঙ্গে মিলে যেতে চলেছে। আপাতত ১৬ই ডিসেম্বর পর্যন্ত এই ব্যাঙ্ককে মোরাটোরিয়ামে রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর জেরে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য কিছু নিয়মও লাগু হয়েছে। তাছাড়া, রিসার্ভ ব্যাঙ্কের নেওয়া কিছু সিদ্ধান্তের জন্য বেশ খানিকটা প্রভাব পড়তে চলেছে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের গ্রাহকদের উপরও।
অর্থনৈতিকভাবে ক্ষতিতে চলতে থাকা লক্ষ্মী বিলাস ব্যাঙ্কে ফের জোর কদমে চালু করতে ডিবিএস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড-এর সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। এমন সিদ্ধান্তই নিয়েছে আরবিআই। লক্ষ্মী বিলাস ব্যাঙ্ককে বাঁচাতে এতে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে ডিবিএস ব্যাঙ্ক। এর ফলে ব্যাঙ্কের অর্থনৈতিক সাশ্রয় হবে।
BR Act-এর ধারা অনুযায়ী, অর্থমন্ত্রক আরবিআইয়ের আবেদনে লক্ষ্মী বিলাস ব্যাঙ্ককে মোরাটোরিয়ামে রাখা হয়েছে। এর ফলে ওই ব্যাঙ্কের গ্রাহকেরা ওই ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশী এখন অন্তত তুলতে পারবেন না। ২৫ হাজারের বেশী টাকা তুলতে গেলে তাদের রিজার্ভ ব্যাঙ্কের থেকে অনুমতি নিতে হবে।
৯৩ বছরের পুরনো চেন্নাইয়ের এই প্রাইভেট ব্যাঙ্কের রেটিং গত মাসেই কমিয়ে দেয় ক্রেডিট রেটিংস এজেন্সি ৷ টিয়ার ২ স্ল্যাব থেকে নেমে সোজা বিবি মাইনাসে চলে আসে তাদের রেটিং৷ তবে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিবিএস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হলে ব্যাঙ্ক চালানোর জন্য এখনই যে পুঁজির প্রয়োজন আছে তা মিটে যাবে বলেই আশা করা যায়।





