আমজনতা সাধারণত পুলিশকে একটু ভয় পেয়েই চলে। বড় বড় গুন্ডা, অপরাধীরাও পুলিশকে দেখলে একটু গুটিয়ে যায় বটে। কারণ পুলিশ তো আইনরক্ষক। তাদের কাজই হল অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া। প্রয়োজনে লাঠি নিয়ে অপরাধীর পিছনে ধাওয়াও করে তারা।
কিন্তু এবার যেন হল উলটপুরান। পুলিশ নয়, বরং অপরাধীই পুলিশের পিছনে ধাওয়া করল পুলিশেরই ডাণ্ডা উঁচিয়ে। এমনই ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের ইন্দোর। সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে যে এক যুবক এক পুলিশ কর্মীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে সেই পুলিশ কর্মীর পিছনেই ধাওয়া করল। শুধু তাই-ই নয়, বেধড়ক মারধরও করল পুলিশকে। ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ন্দোরের ভেঙ্কটেশ নগরে। সূত্রের খবর অনুযায়ী, ওই পুলিশকর্মীর নাম জয় প্রকাশ জয়সওয়াল। অভিযুক্ত যুবকের নাম দীনেশ প্রজাপতি। এদিন দুপুরে কনস্টেবল জয় প্রকাশের মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে দীনেশের মোটরবাইকের। এরপরেই দু’জনের মধ্যে শুরু হয় বচসা। আর আচমকাই বছর পঁচিশের দীনেশ কনস্টবলের হাত থেকে লাঠি ছিনিয়ে নেয়। সেই লাঠি দিয়েই মারতে শুরু করে তাঁকে।
In Indore Police constable Jai Prakash Jaiswal assaulted in full public view accused has been arrested @ndtv @ndtvindia pic.twitter.com/NElwWSXOXq
— Anurag Dwary (@Anurag_Dwary) April 9, 2022
ভিডিওতে দেখা যাচ্ছে যে যুবকের লাঠির মারের জেরে পুলিশকর্মী মাটিতে পড়ে যান। পুলিশকর্মীর মাথাতেইও লাঠি দিয়ে আঘাত করে ওই যুবক। যুবকের হাত থেকে বাঁচতে পালাতে থাকেন ওই পুলিশ কর্মী। ঘটনার সময় রাস্তায় অন্যান্য লোকজন থাকলেও, কেউ ওই পুলিশকর্মীকে যুবকের হাত থেকে বাঁচাতে আসেন নি।
পরবর্তীতে ওই পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দীনেশ প্রজাপতিকে গ্রেফতার করা হয়েছে। দীনেশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনা ইন্দোরের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি পুলিশ কমিশনার রাজীব সিং ভাদুরিয়া জানান, “অনুমান করে হচ্ছে অভিযুক্ত যুবক ওই সময় মদ্যপ অবস্থায় ছিল। অভিযুক্তের অতীতে অপরাধ যোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ”।
তবে যুবকের হাতে পুলিশকর্মীর এমন মার খাওয়ার ঘটনা দেখে হতবাক নেটিজেনরা। রীতিমতো চমকে উঠেছেন তারা। পুলিশকে কোনওভাবেই এভাবে হেনস্থা করা উচিত নয় বলেই মত নেটিজেনদের।





