মনজিনিসের চিকেন স্যান্ডউইচে মিলল চুল! সত্যিটা খুঁজতে গিয়ে CCTV ফুটেজে ধরা পড়ল ভয়ঙ্কর ঘটনা, দেখুন নিজের চোখে

মনজিনিসের দোকানের এক ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে শোরগোল পড়ে গেল। মনজিনিস থেকে কেনা স্যান্ডউইচের মধ্যে মিলল চুল। চুল থাকা সেই স্যান্ডউইচ দোকানের কর্মচারীকে দেখিয়ে অন্য একটি নতুন স্যান্ডউইচ নেন গ্রাহক। কিন্তু আসল ঘটনা জানা যায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে।

মনজিনিসের দোকানের নানান খাবার আমাদের সকলেরই ভীষণ পছন্দের। কিন্তু সেই খাবারে যদি চুল পাওয়া যায়, তাহলে মনজিনিসের খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে বই কি! গোটা ব্র্যান্ডই পড়তে পারে চরম হেনস্থার মুখে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি কলকাতার রবীন্দ্র সরোবরের মনজিনিসের একটি আউটলেটের। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক তরুণী দোকানের মধ্যেই দাঁড়িয়ে চিকেন স্যান্ডউইচ খাচ্ছেন। কিছুটা খাওয়ার পর তিনি দোকানের কর্মচারীদের বাকি অংশের স্যান্ডউইচটা দেখিয়ে কিছু কথা বলেন। আর এরপরই ওই তরুণীর হাতে দেখা যায় অন্য একটি নতুন স্যান্ডউইচ।

জানা গিয়েছে, তরুণী যে স্যান্ডউইচটি খাচ্ছিলেন সেটিতে চুল ছিল। তা দোকানের কর্মচারীকে দেখাতে, কর্মচারী তা পাল্টে তরুণীকে অন্য একটি স্যান্ডউইচ দেন। এই ঘটনা আপাতদৃষ্টিতে বেশ সাধারণ লাগলেও, এর মধ্যে রয়েছে এক গভীর কাহিনী। যা শুনে নেটিজেনদের চক্ষু ছানাবড়া।

এই ভিডিও পোস্ট করে ওই মনজিনিস আউটলেটের মালিক অর্ঘ্য মণ্ডল লেখেন, “লজ্জা হওয়া উচিত। ইচ্ছে করে খাবারে চুল রেখেছেন এই মহিলা। শুধুমাত্র একটি ফ্রি চিকেন স্যান্ডউইচ পাওয়ার লোভে এই কাজ করেছেন। এই ধরণের চিটিংবাজ গ্রাহকের থেকে সাবধানে থাকা উচিত”।

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। তবে এই ঘটনা প্রসঙ্গে অর্ঘ্য মণ্ডল জানান, “ওই গ্রাহকের তরফে খাবারে চুল থাকার অভিযোগ করা হলে আমার কর্মচারী সঙ্গে সঙ্গে সেটি বদলে দেন। কিন্তু, পরে আমার সন্দেহ হয়। তাই আমি CCTV ফুটেজ খতিয়ে দেখি। আর তাতেই চোখ কপালে উঠে যায়। CCTV-তে স্পষ্ট ধরা পড়েছে, ওই মহিলা প্রথম মাথা থেকে চুল ছিঁড়লেন। তারপর সেটি দাঁতে কেটে ছোট করলেন আর চিকেন স্যান্ডউইচের একটা অংশের মধ্যে ঢুকিয়ে রাখলেন। তারপর সেই অংশটি হাতে চেপে বাকি অংশটি খেয়ে ফেললেন। তারপর দোকান থেকে সমস্ত গ্রাহক বেরিয়ে যাওয়ার পর ওই চুলটি দেখিয়ে নতুন চিকেন স্যান্ডউইচ চেয়ে নেন। আসলে ৩৫ টাকার একটি চিকেন স্যান্ডউইচের লোকসানটা বড় কথা নয়। কিন্তু, এই ধরণের গ্রাহকদের থেকে সাবধানে থাকা উচিত। এদের মতো গ্রাহকরাই দোকানের রেপুটেশন নষ্ট করে”।

তিনি আরও জানান,“মানুষ মাত্রই ভুল হয়। আমরা সর্বদা চেষ্টা করি যাতে কোনওভাবেই খাবার চুল কিংবা কোনওরকম ময়লা না পড়ে। কিন্তু, অনেকসময় এমনটা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে তা বদলে দিই। কিন্তু, এই মহিলা যা করলেন তা বেনজির। এতে আমাদের কাস্টমারদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। এদের থেকে সকলকে সাবধান করার জন্যই এই ভিডিওটি পোস্ট করেছি”।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হইচই। মনজিনিসের খাবার অনেকের কাছে খুব প্রিয়। তাই এই ঘটনার সত্যতা কী, তা জানতে চেয়েছেন অনেকেই।

RELATED Articles