‘দিদিকে বোকা বানানো সহজ কিন্তু অভিষেককে নয়…’ অভিষেকের উপর দেবের পূর্ণ আস্থা! দলবদল জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন দেব!

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা ও জল্পনার মধ্যেই ফের খবরের শিরোনামে অভিনেতা তথা সাংসদ দেব। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কয়েক বছর আগের একটি সাক্ষাৎকার, যেখানে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে খোলামেলা মন্তব্য করেছিলেন তিনি।

লোকসভা নির্বাচনের আগে দেওয়া সেই সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা একসময় ভেবেছিলেন। তবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশ্বাস পাওয়ার পর তিনি ফের নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন। পরে বিপুল ভোটে জয়ীও হন। সেই আলোচনায় দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও নিজের মত প্রকাশ করেছিলেন অভিনেতা।

দেবের মতে, অভিষেক অত্যন্ত বুদ্ধিমান এবং লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন। তিনি বলেছিলেন, দলের পরিচালনা নিয়ে অভিষেকের ভাবনা আগের ধারা থেকে অনেকটাই আলাদা। একইসঙ্গে দেব মনে করেছিলেন, মানুষের সঙ্গে আরও সরাসরি যোগাযোগের সুযোগ পেলে অভিষেকের জননেতা হিসেবে গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে। তাঁর কথায়, নেতৃত্বের ক্ষেত্রে অভিষেকের মধ্যে বিশেষ কোনও খামতি তিনি দেখেননি।

একই সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের ধরন নিয়েও মন্তব্য করেছিলেন দেব। তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ বা তর্ক করা সম্ভব হলেও অভিষেকের সঙ্গে তা কঠিন। কারণ, অভিষেক খুব দ্রুত পরিস্থিতি এবং মানুষের উদ্দেশ্য বুঝে নিতে পারেন বলে তাঁর ধারণা। সেই মন্তব্যও বর্তমানে নতুন করে আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ফেরার কথা ছিল! তার আগেই মৃত্যু! বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন অনুজয়!

তবে সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার মাঝে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেব। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা অটুট রয়েছে এবং তিনি কোনও নতুন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থেই তাঁর এই আলোচনা। মানুষের স্বার্থে কাজ করাই তাঁর মূল লক্ষ্য বলেও তিনি জানিয়েছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর