যত কাণ্ড কেদারনাথে! কেদারনাথ মন্দিরে পোষ্য কুকুরকে নিয়ে যাওয়ায় দায়ের করা হল FIR, ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল

কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী মিলে হয় চারধাম যাত্রা। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হল কেদারনাথ যাত্রা। কিছুদিন আগেই খুলেছে কেদারনাথ মন্দির। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের আনাগোনা চলছে কেদার বাবার মন্দিরে। আর এরই মধ্যে সেখানে ঘটে গেল এক ঘটনা।

কেদারনাথ মন্দিরে নিজের পোষ্য কুকুরকে নিয়ে পৌঁছে যান নয়ডার এক সোশ্যাল মিডিয়া ভ্লগার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও-ও শেয়ার করেন তিনি। তা নিয়েই গোটা দেশে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেই ভ্লগার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

huskyindia0 নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে নবাব নামের একটি কুকুরকে নিয়ে কেদারনাথ মন্দিরের দর্শন করছেন নয়ডার এক ভ্লগার। নাম বিকাশ ত্যাগী। এই ভিডিওতে কেদারনাথ মন্দিরের সঙ্গে সঙ্গে সেই কুকুরের ছবিও দেখা যাচ্ছে। আর  এই ভিডিওর একটি দৃশ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, কেদারনাথ মন্দিরের বাইরে থাকা নন্দী মহারাজের সামনে সেই কুকুরের পা ঠেকানো হচ্ছে। এক পুরোহিত সেই কুকুরটির কপালে তিলক পরিয়ে দিচ্ছেন, এও দেখা গিয়েছে। আর এই নিয়েই মন্দির কমিটির তরফে আপত্তি জানানো হয়েছে। এই ভিডিও দেখার পরই কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির কমিটির তরফে ওই ভ্লগারের বিরুদ্ধে এফআইআই দায়ের করা হয়েছে।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে যে এই মন্দির নিয়ে ভক্তদের মনে বিশেষ জায়গা রয়েছে। সকলে নানান বাধা-বিপত্তি পেরিয়ে অনেক কষ্ট করে মন্দির দর্শন করতে আসেন। কিন্তু এখন কিছু কিছু ইউটিউবার ও ভ্লগার নিজেদের স্বার্থে এই স্থানের পবিত্রতা নষ্ট করছে। নিজের ইচ্ছা অনুযায়ী এখানে কোনও কাজ করা যায় না এভাবে। এই কারণেই এই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল।

এদিকে, ওই ভ্লগার বিকাশ ত্যাগী তাঁর কুকুরের নাম দিয়ে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “আমার নাম Nawab, আমার বয়স হল 4.5 বছর। আমি বিগত 4 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেরাচ্ছি আমার অভিভাবকদের সঙ্গে। কম বয়সেই সব জায়গা ঘুরে নেওয়া প্রয়োজন। কারণ বয়স বেড়ে গেলে আর সব জায়গায় সম্ভব নয়। কিন্তু, সম্প্রতি আমায় একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে বলে, তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এর জন্য আমার অভিভাবকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আমি জানি তাঁরা এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন”।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা দ্বিধাবিভক্ত হয়েছে। একাংশের মতে, কেদারনাথ মন্দিরে নিজের পোষ্যকে নিয়ে গিয়ে ওই ইউটিউবার কোনও ভুল কাজ করেন নি। আবার অন্য একাংশের মতে, মন্দিরে এভাবে কুকুর নিয়ে যাওয়া একেবারেই অনুচিত কাজ।

RELATED Articles