সামনে ছুটছে একটি অ্যাম্বুলেন্স ও সেই অ্যাম্বুলেন্সের পিছন পিছন পথ অনুসরণ করে ছুটে চলেছে একটি ঘোড়া। গত সোমবার এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল রাজস্থানের উদয়পুর। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
জানা গিয়েছে, রাস্তায় আহত অবস্থায় একটি ঘোড়াকে পড়ে থাকতে দেখেন উদয়পুর শহরের হরিদাসজি মগরির এক বাসিন্দা। এক পশু উদ্ধারকারী সংস্থাকে এই খবর দেন ওই ব্যক্তি। খবর পেয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে হাজির হন ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা। এরপর আহত ঘোড়াটিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান তারা।
আশ্চর্যজনক ভাবে অ্যাম্বুল্যান্সের চালক লক্ষ্য করেন যে গাড়ির পিছনে পিছনে অন্য একটি ঘোড়া ছুটছে। এমন দৃশ্য দেখে গাড়ির গতি একটু কমান চালক। জানা গিয়েছে অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করে প্রায় ৮ কিলোমিটার পথ ছুটে পশু হাসপাতালে পৌঁছয় ওই ঘোড়াটি।
সূত্রের খবর অনুযায়ী, আহত ঘোড়াটি দ্বিতীয় ঘোড়ার সঙ্গী। আহত সঙ্গীকে কাছছাড়া করতে চায়নি সে। আর এই কারণেই অ্যাম্বুল্যান্সের পিছনে পিছনে দৌড়ে হাসপাতালে পৌঁছয় ঘোড়াটি। আহত ঘোড়ার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। আর তার সঙ্গীকেও হাসপাতাল চত্বরেই রাখা হয়েছে।
এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনাকে ‘বন্ধুত্বের’ এক সুন্দর নিদর্শন বলে উল্লেখ করেছেন নেটিজেনরা। বন্ধুর প্রতি এক ঘোড়ার এমন টান দেখে আপ্লুত নেটবাসী।





