খুব কাঁদছে বাচ্চা একটি মেয়ে। কাঁদতে কাঁদতে রীতিমতো ফোঁপাচ্ছে সে। আর অনবরত বলে চলেছে, “বাবা সারা দিন কেন খালিপেটে থাকে। সন্ধ্যাবেলাতেও খায় না। শুধু কাজ আর কাজ। বাবার জন্য আমার খুব চিন্তা হচ্ছে”।
সম্প্রতি এমনই একটি ভিডিও নেট মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটির মা তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেছেন, “বাবা খালিপেটে থাকে না। সন্ধ্যাতেও খায়। তোমার চিন্তা করার কোনও কারণ নেই”। কিন্তু তা শুনতে নারাজ বাচ্চা মেয়েটি। সে কেঁদেই চলেছে।
এরপর মাকে পাল্টা রীতিমতো ধমক দিয়ে বাচ্চাটি বলে, “মানুষই তো খাবার খায়, তাই না, মা? দোকানের লোকরাও তো মানুষ। ওরা যদি খেতে পারে, তা হলে আমার বাবা কেন পারবে না”?
এ কথা বলতে বলতে কেঁদে ফেলে বাচ্চা মেয়েটি। বার বার সে শুধু এটাই বলতে থাকে, “বাবার জন্য আমার খুব চিন্তা হয় মা”। তখন তাঁর মা তাকে বলেন, “তুমি কেন কাঁদছ”। পাল্টা সে বলে, “সব বাচ্চারই তার বাবার জন্য চিন্তা হয়। আমার হবে না”!
বলি অভিনেত্রী রবিনা টন্ডনও এই ভিডিওটি শেয়ার করেছেন। এক টুইটার গ্রাহক এই ভিডিও শেয়ার করে লেখেন, “বাবার জন্য এত চিন্তা! যাঁদের কাছে মেয়ে একটা বোঝার মতো, তাঁদের এই ভিডিওটি দেখা উচিত”।





