সাধারণত ঘরবাড়ি থেকে ধুলোময়লা ঝেড়ে পরিষ্কার করার জন্যই ব্যবহার করা ঝাঁটা বা ঝাড়ু। অনেক সময় আবার নারীদের হাতের অস্ত্রও হয়ে ওঠে ঝাঁটা। কিন্তু তা বলে ঝাঁটা দিয়ে খাবার বানানো হবে? এমন আশ্চর্য দৃশ্য দেখে থ’ নেটিজেনরা।
দক্ষিণ ভারতের অতি জনপ্রিয় খাবার হল দোসা। সাধারণত একেবারে কম তেলে ভাজা হয় এই খাবার ফলে তা স্বাস্থ্যসম্মতও বটে। কিন্তু এবার সেই দোসা তৈরি করা হচ্ছে একগাদা তেল দিয়ে। আর তাও আবার ঝাঁটা দিয়ে তৈরি হচ্ছে সেই খাবার। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল অনেক কিছুর দেখাই মেলে।
কী দেখা যাচ্ছে ভিডিওতে?
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দোসা তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে ঝাঁটা। বড় চৌকো লোহার তাওয়ায় নারকেল পাতার কাঠি দিয়ে তৈরি ঝাঁটা দিয়ে বুলিয়ে দেওয়া হচ্ছে তেল। তারপর সেই তেলে একে একে ভাজা হচ্ছে দোসা। এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি খবর ২৪৭।
ভিডিও দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া
এই ভিডিওতে একেক জন এক এক ধরণের কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “অনুগ্রহ করে তেল ছড়ানোর জন্য ঝাঁটার ব্যবহার করবেন না। আমরা জানি যে আপনি উন্নতি করছেন কিন্তু আপনি একটি কাস্টম-মেড তেলের ব্রাশ বেছে নিতে পারেন… ঝাঁটা, টুথব্রাশ, টয়লেট ব্রাশ এবং ওয়াইপারগুলি রান্নার কাজে দেখতে ভালো লাগে না। নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট টুল তৈরি করা হয়েছে”।
আবার একজন লিখেছেন, “পুরিতে এর চেয়ে কম তেল আছে। এটা মসলা দোসা নয়, এটা তেল-দোসা-তেল”। অপর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “একটি ধোসার জন্য ওই পরিমাণ ঘি এবং ‘চাটনি পুড়ি’। স্বাস্থ্যের জন্য কখনই উপকারী নয়। অনুগ্রহ করে খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন। ক্ষণিকের তৃপ্তির চেয়ে একটি সুস্থ জীবন অনেক বেশি মূল্যবান”।





