দুর্নীতির কথা সব জানতেন জ্যোতিপ্রিয়, জেরায় স্বীকার মন্ত্রীর, বিস্ফোরক দাবী করল ইডি

রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি হাসপাতালে যেতে চান বলে আবেদন করলেও, আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে তাঁকে জেলে পাঠিয়েছে। এবার জেলে ইডির জেরায় প্রাক্তন খাদ্যমন্ত্রী স্বীকার করলেন যে তিনি দুর্নীতির বিষয়ে জানতেন।

গতকাল, বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানিতে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এজলাসে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন তিনি। এদিন জামিনের আবেদন জানান নি জ্যোতিপ্রিয়। এদিন আদালতকে কাতর কণ্ঠে মন্ত্রী জানান, “আমাকে বাঁচতে দিন স্যার। আমায় বাঁচতে দিন। আমার শরীরের অবস্থা ভালো নেই। আমার চিকিৎসার প্রয়োজন”।

এদিনের শুনানিতে মন্ত্রীর আইনজীবীও আদালতে আবেদন জানান যাতে তাঁর মক্কেলকে হাসপাতালে পাঠানো হয়। তবে সেই আবেদন রাখেন নি বিচারক। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় মন্ত্রীকে। এর পাশাপাশি আদালত এও জানায় যে ইডি জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করতে পারবে।

রেশন দুর্নীতি নিয়ে জোরকদমে তদন্ত চালাচ্ছে ইডি। কে বা কারা এই দুর্নীতির নেপথ্যে রয়েছে, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিয়েছে ইডি। আদালতে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, ইডির জেরায় জ্যোতিপ্রিয় কার্যত স্বীকার করে নিয়েছেন যে রেশন দুর্নীতির কথা আগের থেকেই জানতেন তিনি।

কেন সব জানা সত্ত্বেও চুপ ছিলেন জ্যোতিপ্রয়?

জ্যোতিপ্রিয় ইডিকে জানিয়েছেন, রেশন দুর্নীতিতে যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করে তদন্ত করছিল। সেই কারণে তিনি বা খাদ্য দফতর কোনও পদক্ষেপ করেন নি। ইডির দাবী, পুলিশের এই এফআইআরের নাম করে আসলে এই দুর্নীতির বিষয়টিতে ঢাল বানাতে চাইছেন তৎকালীন খাদ্যমন্ত্রী। ইডির এও দাবী, পুলিশের এই তদন্ত আসলে ‘লোক দেখানো’। এখন এটাই দেখার যে জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতি কাণ্ডে আর কোনও তথ্য মেলে কী না।

আরও অন্যান্য খবর