এখন বিয়ের মরশুম চলছে। গোটা জীবন একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের বন্ধনে বাঁধা পড়ছেন কত দম্পতি। বিয়ের মানেই তো নানান নিয়মকানুন, আচার-বিচার। আর বাঙালি বিয়ে মানে তো আরও বেশি নিয়ম। সেই নিয়মের বেড়াজাল না টপকেও সেই নিয়মকে নতুন করে কীভাবে তৈরি করা যায়, তেমনটাই দেখিয়ে দিলেন সদ্য বিবাহিত এক দম্পতি।
বাঙালি বিয়ের রীতি অনুযায়ী, বিয়ের পরেরদিন বরবউ বাড়িতে প্রবেশ করার পর সেই রাতে বর বউকে একে অপরের মুখ দেখতে নেই। এই রাতকে বলা হয় কালরাত্রি। এখনকার প্রজন্ম তাতে সেরকম বিশ্বাস না করলেও মা-ঠাকুমারা তো মানবেনই। তেমনটাই চলে আসছে দীর্ঘদিন ধরে। বিয়ের পরদিন রাতে বর ও বউকে আলাদা থাকতে হয়।
একে অপরের মুখ দেখলে নাকি তা অমঙ্গল। তেমনটা মেনেও নেন সকলে। একটাই তো রাত, কেটে যায় কোনওভাবে। এই কালরাত্রিতে বর বউয়ের একে অপরের মুখ দেখা বারণ কিন্তু কথা বলা তো বারণ নয়। তাই একে অপরের সঙ্গে যুক্ত থাকতে ও সময় কাটাতে এক অভিনব উপায় খুঁজে সদ্যই বিয়ে হওয়া এক দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যে যুবতীর বিয়ে তিনি নিজেই এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা একটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সুন্দর গান গেয়ে চলেছেন আর অন্য একটি ঘরে তাঁর স্বামী গিটার বাজিয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন। এভাবেই কালরাত্রিতেও একে অপরের মুখ না দেখেও একে অপরের সঙ্গে সময় কাটানোর উপায় বের করে নিলেন তারা।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সকলেই তাদের এই পরিকল্পনার বেশ প্রশংসা করেছেন। এমনটাও যে কালরাত্রিতে করা যায়, তা ভেবে বেশ খুশি নেটিজেনরা। অনেকে তো আবার নিজেদের বিয়ের কালরাত্রিটাও এভাবেই কাটাবেন বলে ঠিক করে ফেলেছেন। নানান মিষ্টি মিষ্টি কমেন্টে ভরে উঠেছে নতুন বউ গার্গি দেবের কমেন্ট বক্স।





