ট্রেনের মধ্যে কত ধরণের কত অভিজ্ঞতা প্রতিদিন হয়। আর মহিলা কামরাতে প্রায়শই নানান ঝগড়া-বিবাদের কথা কানে আসে। মহিলাদের মধ্যে ঝগড়া-হাতাহাতির ঘটনার ভিডিও প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এবার ফের তেমনই একটি ভিডিও সামনে এল।
ট্রেনের কামরায় বিবাদে জড়ালেন দুই মহিলা। বিবাদ পরিণত হল হাতাহাতি-চুলোচুলিতে। ওই দুই মহিলার সঙ্গে জুটলেন আরও কিছু সহযাত্রী। যে মহিলা এক বয়স্ক মহিলার চুল ধরে টেনেছিলেন, সেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন আরও দুই-তিনজন মহিলা।
এর জেরে ‘যুদ্ধের’ তেজ বাড়তে থাকে। চুলোচুলিতেই আটকে থাকল না সেই যুদ্ধ। অবাধে চলল কিল, চড়, ঘুষিও। সহযাত্রীর মধ্যে কেউ কেউ বললেন, “ও কাকিমা ওকে ছেড়ে দিন”। কিন্তু চেঁচামেচির মধ্যে সেই আওয়াজ চুলোচুলিতে জড়ানো মহিলাদের কানে আর পৌঁছল না।
ফলে সেই ‘যুদ্ধ’ চলল আরও কিছুক্ষণ। এই ঘটনাটি মুম্বইয়ের একটি লোকাল ট্রেনের। এই ঘটনা যখন চলছিল, কিছু সহযাত্রী ব্যস্ত ছিলেন তা মোবাইলের ক্যামেরাবন্দি করতে। বাকিরা দূর থেকে নীরব দর্শকের মতো দেখছিলেন গোটা ঘটনাটি।
কিছুমাস আগেও মুম্বইয়ের এক লোকাল ট্রেনে এই ধরণের ঘটনা ভাইরাল হয়েছিল। থানে-পানভেল লোকালে ঘটেছিল ওই ঘটনা।





