জলই জীবন, একথা কারোরই অজানা নয়। কিন্তু তা বলে কী বছরের পর বছর ধরে শুধুমাত্র জল খেয়েই বেঁচে থাকা সম্ভব? কিন্তু এমনটাই সম্ভব করেছেন এক মহিলা। ৫০ বছর ধরে শুধুমাত্র জল আর নরম পানীয় খেয়েই বেঁচে রয়েছেন তিনি।
কীভাবে শুরু হল তাঁর এমন জীবনযাত্রা?
ওই মহিলা ভিয়েতনামের বাসিন্দা। নাম বুই তি লোই। বয়স ৭৫ বছর। এই ঘটনার সূত্রপাত হয় ১৯৬৩ সালের যুদ্ধের সময়। সেই সময় অন্যান্য মহিলাদের সঙ্গে বিও তি লোইও পাহাড়ে উঠছিলেন। খারাপ আবহাওয়া মধ্যেই শুরু হয় বজ্রপাত। এর জেরে জ্ঞান হারান ওই মহিলা।
পরে দুর্যোগ থামে। জ্ঞানও ফিরে আসে বুই তি লোইয়ের। কিন্তু বজ্রপাতের সেই খারাপ অভিজ্ঞতা জেরে মানসিকভাবে ট্রমায় ছিলেন তিনি। সেই সময় তিনি কোনও শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না। সেই সময় তাঁর সঙ্গীরা বুই তি লোইকে মিষ্টি পানীয় খাওয়াতে শুরু করেন। সেই পানীয়ই যেন দ্বিতীয় জীবন দেয় বুই তি লোইকে।
এরপর ফল খান ওই মহিলা। কিন্তু কিছুতেই শক্ত খাবার মুখে তুলতে পারছিলেন না বুই তি লোই। এরপর থেকে আর কখনও শক্ত খাবার খাননি বলেই দাবী ভিয়েতনামের ওই বৃদ্ধার। ১৯৭০ সাল থেকে শক্ত খাবার খাওয়া পুরোপুরি ছেড়ে দেন তিনি। নরম পানীয়ে চিনি থাকে, সেই থেকেই শক্তির সঞ্চার হয় ওই মহিলার শরীরে।
বুই তি লোই দাবী করেছেন, এত বছর কেটে গিয়েছে। কিন্তু এখনও শক্ত খাবারের গন্ধে তাঁর বমি পায়। তবে এতে দারুণ সুবিধাও হয়েছে অনেক। বৃদ্ধার কথায়, বাড়িতে রান্নাঘর থাকলেও রান্নার পাট নেই। শুধুমাত্র ফ্রিজে রয়েছে ভর্তি জল আর ঠান্ডা পানীয়র বোতল। আর এটাই এই বৃদ্ধার বেঁচে থাকার রসদ।





