বিয়ে করতে চান নিজের প্রেমিককেই, মায়ের আপত্তি থাকায় সোজা বিজ্ঞাপনের হোর্ডিংয়ে উঠে পড়লেন প্রেমিকা

ঠিক যেন ‘শোলে’ সিনেমার দৃশ্য, বাসন্তীকে বিয়ে করতে চেয়ে বীরু গ্রামেত সবচেয়ে উঁচু ট্যাঙ্কের উপর চড়ে বসেছিলেন। কিন্তু এখানে চরিত্র সামান্য আলাদা আর জায়গায়। এই ক্ষেত্রে নিজের প্রেমিককে বিয়ে করতে এক উঁচু হোর্ডিংয়ে চড়ে বসলেন তাঁর প্রেমিকা। কিশোরীর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভান্ডারী সেতুর কাছে পরদেশীপুরায়। শোনা যায় যে, বাস্তব কাহিনীই প্রতিফলিত হয় সিনেমার কাহিনীতে। কিন্তু এবার সিনেমার কাহিনীর প্রতিফলন দেখা গেল বাস্তব জীবনে। নিজের প্রেমিককে বিয়ে করতে চেয়ে ঘর ছেড়ে হোর্ডিং-এ উঠে গেলেন এক কিশোরী।

জানা যায়, ওই কিশোরীর মা তার জন্য একটি পাত্র দেখেছেন, কিন্তু মায়ের পছন্দ করা ছেলেকে সে বিয়ে করবে না, নিজের পছন্দের পাত্রের গলাতেই মালা দেবে সে। কিন্তু এদিকে তার মা সেই পাত্রকে মেনে নিতে নারাজ।এর ফলেই শুরু হয় মন কষাকষি, রাগ, অভিমান। এরপর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে উঁচু হোর্ডিংয়ের মাথায় উঠে বসেন ওই কিশোরী।

স্থানীয় বাসিন্দা ওই কিশোরীকে হোর্ডিংয়ের মাথায় বসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছেও যায় পুলিশ, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে সেই স্থান থেকে নড়ানো যায় না। এরপর খবর দেওয়া হয় ওই কিশোরীর প্রেমিককে। প্রেমিক এসে বঝাতেই হোর্ডিং থেকে নীচে নামেন কিশোরী। কিশোরীর হোর্ডিংয়ে চড়ে বসার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অনেকে। মুহূর্তে এই ভিডিও ভাইরাল হয়ে যায়।

এদিকে, কিশোরীর এমন কাণ্ড দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন মত পোষণ করেন। অনেকেই কিশোরী এমন ঘটনা ঘটানোর জন্য তার উপর ক্ষিপ্ত, আবার অনেকের মতে, এই ঘটনা কিশোরীর অপরিণত মনস্কের বহিঃপ্রকাশ মাত্র। আবার অনেকেই এই ঘটনাকে খাঁটি ভালোবাসা আখ্যা দিয়েছেন।

পরদেশীপুরার পুলিশ অফিসার অশোক পতিদারের কথায়, “মায়ের দেখা পাত্রকে নয়, নিজের প্রেমিককে বিয়ে করার দাবী থেকেই তরুণী এই ঘটনা ঘটিয়েছে।”

কিন্তু যাই হোক, বিষয়টি ঠিক সময় জনতার নজরে না এলে বা ঘটনাস্থলে ঠিক সময় পুলিশ না পৌঁছলে আর প্রেমিককে ডেকে এনে তরুণীকে ঠিক সময় নামানো না হলে সে হোর্ডিং থেকে পড়ে গিয়ে চোটও পেতে পারত। এছাড়া অন্য কোন বিপদও হতে পারত। কিছু জিনিস হয়তো সিনেমাতেই মানায়, বাস্তবে তার অনুকরণ না করাই শ্রেয়।

RELATED Articles