গ্রাহকের অন্যায় দাবী মানেন নি, তাই ডেলিভারি বয়কে ঘাড়ধাক্কা, গায়ে হাত, অকথ্য ভাষায় গালিগালাজ উচ্চবিত্ত গ্রাহকের, ভাইরাল ভিডিও

বর্তমানে এই ডিজিটাল যুগে এখন আমরা বেশিরভাগ মানুষই অনলাইন ডেলিভারির উপর নির্ভরশীল হয়ে পড়েছি। জামাকাপড় তো বটেই, এমনকি শাকসবজি, ফল, মুদির দোকানের সামগ্রী থেকে শুরু করে ওষুধপত্রও, সবই এখন কেনা যায় অনলাইন মাধ্যমেই। আর আমাদের প্রয়োজনীয় এই সমস্ত সামগ্রী আমাদের কাছে সাবধানে যত্ন করে পৌঁছে দেন নানান ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়রা।

কিন্তু এমন অনেক মানুষই রয়েছেন যারা এই ডেলিভারি বয়দের হয়ত মানুষ বলেই গণ্য করেন না। তারা জিনিসপত্র ডেলিভারি করছেন বলে তাদের যেন মানুষের পর্যায়তেই ফেলেন না অনেকেই। এমন অনেক মানুষ রয়েছেন যারা এই ডেলিভারি বয়দের সঙ্গে খারাপ ব্যবহার করতে বা তাদের বাজে মন্তব্য করতে দু’বার ভাবেন না। আর এমনই এক ঘটনার সাক্ষী রইল কলকাতা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটি ওই ডেলিভারি বয় নিজেই করেছেন। তাঁর সেই ভিডিও অনুযায়ী, তিনি কেষ্টপুরের একটি ফ্ল্যাটে ডেলিভারি করতে গিয়েছিলেন। ফ্ল্যাটের মেন গেটে তালা দেওয়া ছিল। তা গ্রাহককে জানালে গ্রাহক উপর থেকে চাবি ছুঁড়ে দিয়ে ডেলিভারি বয়কে বলেন চাবি খুলে উপরে গিয়ে ডেলিভারি করতে। তিনি তাই-ই করেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল।

কিন্তু এরপর ওই গ্রাহক আরও দাবী জানান যে ডেলিভারি বয়কেই যাওয়ার সময় গেটে তালা-চাবি লাগিয়ে যেতে হবে। তাতে রাজি হন না ওই ডেলিভারি বয়। তাঁর কথায়, তাঁর কাজ হল ডেলিভারি করা। চাবি খুলে উপরে গিয়ে আবার যাওয়ার সময় চাবি বন্ধ করে যাবেন, এই কাজগুলো তাঁর কাজের নিয়মের মধ্যে পড়ে না। তাই তিনি সাফ জানিয়ে দেন যে তিনি তা করতে পারবেন না।

একথা জানানোর পরই ডেলিভারি বয়ের উপর চড়াও হন গ্রাহক। ডেলিভারি বয়কে খারাপ মন্তব্য করতে থাকেন তিনি। তাঁর দাবী, তিনি যখন ডেলিভারি করতে এসেছেন তখন তাঁকেই চাবি খুলে ডেলিভারি করে চাবি দিয়ে যেতে হবে। এক পর্যায়ে গিয়ে ডেলিভারি বয়ের উপর হাতও তোলেন ওই গ্রাহক। ঘাড়ধাক্কাও দেন তাঁকে।

এই গোটা ঘটনাটি ভিডিও করে তা বিধাননগর পুলিশকে ট্যাগ করেন ওই ডেলিভারি বয়। তাঁর কথায়, কোনও অসুস্থ বা বয়স্ক ব্যক্তি যদি তাঁকে এই কাজ করতে বলতেন তাহলে তিনি তা অবশ্যই করতেন। কিন্তু একজন সবল, সুস্থ পুরুষ এমন দাবী জানান কীভাবে যে ডেলিভারি বয়কেই চাবি খুলে উপরে গিয়ে ডেলিভারি করে আবার যাওয়ার সময় গেটে চাবি দিয়ে যেতে হবে। তাঁর এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় আর ওই গ্রাহকের তীব্র নিন্দা  করেন নেটিজেনরা।

বেশিরভাগ নেটিজেনদের কথাতেই, চাবি খুলে ভেতরে যাওয়া বা যাওয়ার সময় গেটে চাবি দেওয়া, এই কাজ ডেলিভারি বয়ের দায়িত্বের মধ্যে পড়ে না। তিনি কেন সেই কাজ করতে যাবেন। অনেকের কথায়, “তথাকথিত এই উচ্চবিত্তের মানুষজন ডেলিভারি বয়দের মানুষ বলেই গণ্য করেন না। এরা আবার শিক্ষিত”।

ডেলিভারি বয়রা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে হলেও আমাদের প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেন। আমাদের মনে রাখা উচিত, তারাও টাকা উপার্জনের জন্যই এই কষ্ট করছেন। তাই তাদের কাজকে সম্মান জানানো, আর তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আমাদের কর্তব্য। গ্রাহক তাদের সঙ্গে ভালো ব্যবহারটুকু করবে, এটাই তো ডেলিভারি বয়দের একমাত্র চাওয়া। কিন্তু এই সামান্য কাজটুকুও অনেকেই ভুলে যান অনেক সময়।

RELATED Articles