তৃণমূল নেতা সুজিত বসুকে নিয়ে ইডির ম্যারাথন জেরা, বারবার তলব কেন? ৬ তারিখ ডাকা হল রথীন ঘোষকে, পুর নিয়োগ কেলেঙ্কারিতে কি জালে জড়াচ্ছে তৃণমূলের বড় মুখরা?

পশ্চিমবঙ্গের ভোটপর্ব শেষ হতেই আবারও সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ও বিধাননগরের প্রার্থী সুজিত বসুকে। শুক্রবার দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

ভোটের আবহ কাটতেই শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজিত বসু। সকাল ১০টা ২৬ মিনিট নাগাদ তিনি সেখানে পৌঁছন এবং তারপর শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীরা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তিনি সিজিও কমপ্লেক্স থেকে বের হন। ইডি সূত্রে জানা গিয়েছে, এই জিজ্ঞাসাবাদ এখনও সম্পূর্ণ হয়নি, তাই তাঁকে আবারও ডাকা হয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, মৌখিকভাবে সুজিত বসুকে জানানো হয়েছে যে আগামী ৬ তারিখ তাঁকে আবার হাজিরা দিতে হবে। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ নথিও সঙ্গে আনতে বলা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই নথিগুলি গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করছে ইডি। এর আগে তাঁকে তিনবার নোটিস পাঠানো হলেও, ভোট প্রচারের ব্যস্ততার কারণে তিনি হাজিরা দেননি বলে জানিয়েছেন।

এই একই মামলায় তৃণমূলের আরেক নেতা রথীন ঘোষকেও ফের তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, তাঁকেও ৬ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে এবং ইতিমধ্যেই তাঁর কাছে নোটিস পাঠানো হয়েছে। ফলে এই মামলায় তদন্ত আরও জোরদার হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে ভোট শেষ হওয়ার পরই কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ “খুব অহংকার…দুঃখপ্রকাশও করেনি” শাহরুখকে নিয়ে বি’স্ফোরক অভিযোগ অভিজিৎ ভট্টাচার্যের! কেন ভাঙল এক সময়ের হিট জুটি? অবশেষে মুখ খুললেন গায়ক!

উল্লেখ্য, রাজ্যে দুই দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আগামী ৪ মে ২৯৪টি আসনের ফল ঘোষণা হবে। তার আগেই এই জিজ্ঞাসাবাদ ও তলব নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। ভোটের আগে যেমন কেন্দ্রীয় সংস্থাগুলির সক্রিয়তা দেখা গিয়েছিল, তেমনই ভোট মিটতেই আবার তদন্তে গতি এসেছে। এখন দেখার, আগামী দিনে এই মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় এবং তার রাজনৈতিক প্রভাব কতটা পড়ে রাজ্যের রাজনীতিতে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর