দুর্নীতির অন্ত নেই রাজ্যে! শিক্ষক-কয়লা অতীত, এবার লটারি দুর্নীতিতে কলকাতায় উদ্ধার টাকার পাহাড়, হদিশ মিলল কোটি কোটি টাকার

এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। আর এবার লটারি দুর্নীতিতে ফের কলকাতা থেকেই কোটি কোটি টাকার হদিশ পেল ইডি।

৬০ হাজার কোটি টাকার লটারি দুর্নীতি। লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নম্বরের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া-সহ আরও নানান আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতির তদন্ত করছে ইডি।

গতকাল, বৃহস্পতিবার লেক মার্কেট ও মধ্যমগ্রামের মাইকেলনগর এলাকার দু’জায়গায় লটারি দুর্নীতিতে অভিযান চালিয়েছিল ইডি। আজ, শুক্রবারও চলছে অভিযান। এরই মধ্যে লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ রোডের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয় কোটি কোটি টাকা।

জানা গিয়েছে, টাকা গোনার মেশিন দয়ে ইতিমধ্যেই ৩ কোটি টাকা গোনা হয়েছে। আবার মধ্যমগ্রামেও টাকা গোনার মেশিন নিয়েই তল্লাশি করছে ইডি। মাইকেলনগরের যে বিল্ডিংয়ে ইডি অভিযান চালিয়ছে, সেটি ডিয়ার লটারির পূর্বাঞ্চলের গোডাউন ও দফতর বলেই খবর। তবে সেখান থেকে আপাতত টাকা উদ্ধারের কোনও খবর মেলেনি।  

আসলে, লটারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ, লটারি জেতার টাকা থেকে কর বাবদ টাকা সরকারকে না দিয়ে তা বিদেশে পাচার করা হচ্ছে। সেই সূত্র ধরেই দিল্লিতে চলছে তদন্ত, জিজ্ঞাসাবাদ। এরপরই এই মামলায় ইডি হানা দেয় কলকাতায়। অভিযান চালিয়ে এবার উদ্ধার হল টাকা।   

আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্সের ভাড়া আকাশছোঁয়া! চিকিৎসা করাতে অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটো করেই বর্ধমান থেকে কলকাতায় পাড়ি বৃদ্ধের, মাঝপথে বদলে গেল ভাগ্য

বলে রাখি, গত বছরের শেষের দিকেও লটারির বেআইনি টাকার তদন্তে আয়কর দফতর মধ্যমগ্রামে একটি লটারি সংস্থার ছাপাখানায় তল্লাশি অভিযান করেছিল। লটারিতে যারা পুরস্কার পাচ্ছেন, তাদের বঞ্চিত করে  পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছিল লটারি সংস্থার তরফে, এমনটাই অভিযোগ ওঠে সেই সময়। সেই ঘটনায় প্রভাবশালী যোগের তত্ত্ব সামনে এসেছিল।

আরও অন্যান্য খবর