Weather: আবার বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগের ইঙ্গিত! নতুন করে দানা বাঁধছে নিম্নচাপ

বর্ষার বৃষ্টি থেকে আর যেন রেহাই নেই! কলকাতা ও আশপাশের এলাকায় প্রায় রোজই বৃষ্টি চলছে—কখনও টিপটিপ, কখনও আবার মুষলধারে। এবার আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কারণ, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটি নিম্নচাপ অঞ্চল, যা আরও কয়েক দিনের জন্য ঝড়-বৃষ্টিকে সঙ্গী করে আনতে পারে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত হয়েছে বিকানের, সিকর হয়ে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ ঘুরে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত। আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে উঠেছে, ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যা বর্ষাকে আরও সক্রিয় করে তুলছে।

এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এখন কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে বুধবার থেকে শুরু হতে পারে টানা ভারী বৃষ্টি। প্রথম ধাক্কা আসবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এবং পূর্ব মেদিনীপুরে। ওই দিন ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে রবিবার এই জেলাগুলির পাশাপাশি পশ্চিম বর্ধমানেও ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের ছবিও খুব একটা আলাদা নয়। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে এবং রবিবার কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরেও দুর্যোগের ইঙ্গিত মিলছে।

আরও পড়ুনঃ Masood Azhar : বাহওয়ালপুর ছেড়ে কাশ্মীর! পর্যটকের ছদ্মবেশে মাসুদ আজহার, ফের প্রমাণিত পাকিস্তানের মিথ্যে!

বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই কোনও বড় সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই। সামনে আরও কয়েকটা দিন ছাতা, রেইনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের। আবারও মনে করিয়ে দিচ্ছে বর্ষা—ওর মর্জি যখন তখন!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles