বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এর আগেই নতুন বছরের গোড়ার দিকেই চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল। ১৫ মিনিট অন্তর ওই লাইনে চলতে পারে মেট্রো। মেট্রো সূত্রে খবর, সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই লাইনে মেট্রো চলাচল করবে।
কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস-র চূড়ান্ত ছাড়পত্র মিললেই এই লাইনে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে বলে খবর। জানা গিয়েছে, আগামী শুক্রবার হয়ত সিআরএস হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো রুট পরিদর্শন করবে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে পরিকাঠামো সবকিছু পরিদর্শন করে তারা যদি সন্তুষ্ট হন, তাহলেই মিলবে এই লাইনে মেট্রো চলাচলের লাইসেন্স। জানুয়ারি মাসের মধ্যেই সেই কাজ সেরে ফেলা যাবে। অর্থাৎ লোকসভা ভোটের আগেই দেশে প্রথম গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোর যাত্রা শুরু হবে।
মেট্রো সূত্রে খবর, সংশ্লিষ্ট স্টেশনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছে। হাওড়া ময়দান, মহাকরণ মেট্রো স্টেশনকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে দমকল বিভাগের তরফে। মঙ্গল বা বুধবার আধিকারিকরা এসপ্ল্যানেড স্টেশনে অগ্নি সুরক্ষ ব্যবস্থা খতিয়ে দেখবেন।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার মেট্রোপথে পরিষেবা চালু করার জন্য হাওড়া ময়দান, হাওড়া স্টেশনে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে খবর। বিবাদী বাগ স্টেশন তৈরির কাজও প্রায় শেষ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা জানাচ্ছেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যেতে পারে।





