এবারে ‘মিস ইংল্যান্ড’ এর মুকুট উঠে এলো বঙ্গ তনয়া ভাষা মুখোপাধ্যায়ের মাথায়। বুদ্ধি এবং সৌন্দর্যের নিরিকে বাকী প্রতিযোগিদের পরাজিত করে ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হন ভাষা৷
উঠতি মডেল বাঙালি তনয়া বছর ২৩ এর ভাষা মুখোপাধ্যায় আসলে পেশায় চিকিৎসক। ছোটো থেকেই মেধাবী ভাষা চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশুনা করার পর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন এবং শল্যচিকিৎসা নিয়ে পড়াশুনা করেন। এই মাসেই বস্টনের এক হাসপাতালে ডাক্তার হিসেবে যোগ দেওয়ার কথা তাঁর।
ভারতে জন্ম হলেও ৯ বছর বয়সেই পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যায় ভাষা। সেখানেই বড়ো হয়ে ওঠা তাঁর। পড়াশুনার পাশাপাশি সুন্দরী ভাষা নানান সৌন্দর্য্যের প্রতিযোগিতাগুলোতেও যোগ দিতেন। ১৪৬ আইকিউ নিয়ে ভাষা মোট পাঁচটি ভাষা যথা, বাংলা, হিন্দি, ইংরেজি, ফ্রেঞ্চ এবং জার্মান খুব সহজেই বলতে পারেন৷ আর তাই শেষমেষ বুদ্ধি এবং সৌন্দর্যে বাজিমাত করে জয়ী হন এই বাঙালি তনয়া। এবারে ‘মিস ওয়ার্ল্ড’ মঞ্চে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছেন এই বাঙালি সুন্দরী তনয়া ভাষা মুখোপাধ্যায়।