একসময় পাকিস্তানও ছিল এই ভারতেরই অংশ। হিন্দু মন্দির ছড়িয়ে ছিটিয়ে ছিল পাকিস্তানেও৷ কিন্তু দেশ ভাগের পর পাকিস্তান থেকে প্রায় বেশিরভাগ হিন্দুই চলে আসে ভারতে। কিন্তু মন্দিরগুলো থেকে যায় পাকিস্তানেই। তারপর ধীরে ধীরে সেগুলো সংস্কারের অভাবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। কোন কোন মন্দিরে খোলা হয় রোস্তোরাঁ, স্কুল, দোকান প্রভৃতি। কিন্তু এবারে সেই সমস্ত মন্দিরগুলোতে সংস্কার করার নয়া উদ্যোগ পাক সরকার নিতে চলেছে বলে পাক সরকার সূত্রে খবর।
পাকিস্তানের হিন্দু অধিকার সংগঠনের তরফ হতে একটি সার্ভেতে দেখা গিয়েছিল যে পাকিস্তানে প্রায় ৪২৮ টি হিন্দু মন্দির ছিল। যার মধ্যে ৪০৮ টি মন্দিরই পরিণত হয়েছে বিভিন্ন সরকারি অফিস, দোকান, রোস্তোরাঁতে। এবারে সেই সমস্ত মন্দিরগুলোকে সংস্কার করে ফের তা হিন্দুদের হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো পাকিস্তান সরকার।
India Today এর প্রকাশিত খবর অনুযায়ী প্রতিবছর দু-তিনটি করে মন্দির সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। যার মধ্যে শুরুতে সংস্কার করা হবে সিয়ালকোট এবং পেশোয়ারের দুটি বিখ্যাত হিন্দু মন্দির। সিয়ালকোটে ১০০০ বছর পুরনো একটি শিব মন্দির পুনঃসংস্কার করার উদ্যোগ নিয়েছে পাক সরকার। সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে পেশোয়ারে নতুন করে গোরক্ষনাথ মন্দির খোলারও।






