চাদের কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু ৪৪ জন বোকো হারাম জঙ্গির। চাদ আফ্রিকার একটি দেশ। ৪৪জন মৃতের মধ্যে চারজন বিষাক্ত কিছু খেয়ে মারা গিয়েছে বলে জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। তবে বাকিরা কি ভাবে মারা গেছে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি।
শনিবার জাতীয় সংবাদমাধ্যমে চাদের প্রধান বিচারপতি ইউসুফ টম বলেন, ‘মার্চের শেষের দিকে চাদ হ্রদে অভিযান চালিয়ে ৫৮ জন সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী। তারপর তাদের জেলে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর জানা গিয়েছে, মৃতদের মধ্যে চারজন বিষাক্ত কোনও খাবার খেয়ে মারা গেছে। আর বাকিদের মৃত্যুর কারণ জানা না গেলেও তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। মৃতদের মধ্যে ৪০ জনকে কবরস্থ করা হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হল তা জানতে এখন তদন্ত চলছে।’
যদিও চাদের মানবাধিকার কর্মীদের অভিযোগ, সন্দেহভাজন ওই জঙ্গিদের গ্রেপ্তার করার পর একসঙ্গে একটি কামরার মধ্যে রাখা হয়েছিল। এমনকী গত মঙ্গলবার থেকে তাদের কোনও রকম খাবার বা জলও দেওয়া হয়নি।শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল বলে তাদের করোনাও হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন এই বোকো হারাম-এর সর্বোচ্চ নেতা আবুবকর শেকাউ দাবি করেছিল, শয়তানদের খতম করার জন্যই তৈরি হয়েছে করোনা। এই সময়ে ডোনাল্ড ট্রাম্পের মতো শয়তানরা যদি না ঠিক হয় তাহলে ধ্বংস হয়ে যাবে। ইসলামিক জঙ্গিদের রক্ষাকর্তা যেহুতু আল্লাহ তাই করোনা তাদের কোনও ক্ষতি করতে পারবে না।






