ভারতের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে ভারতের দুই শত্রু এবং একে অপরের মিত্র দেশ চীন ও পাকিস্তান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে নিজেদের সম্পর্ক আরও গাঢ় ও শক্তিশালী করে তোলাই নজর দিয়েছে ভারতীয় সরকার।
ক্ষমতায় আসার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে চলেছে কেন্দ্র। কিন্তু ব্যতিক্রম চীন ও পাকিস্তান। আর প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পদক্ষেপ হিসেবে আজ অর্থাৎ শুক্রবার কলম্বো পৌঁছলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান শ্রীলঙ্কার সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাবেন্দ্র সিলভা।
https://twitter.com/ANI/status/1332230431614201856
সূত্র মারফত খবর, কলম্বোয় অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা-মালদ্বীপের সামুদ্রিক সীমান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত ত্রিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। উপস্থিত থাকবেন বাকি দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারাও। এটি এই তিন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের চতুর্থ বৈঠক। শুক্রবার এবং শনিবার–দু’দিন ধরে হবে এই বৈঠক। প্রায় ছ’বছর পর এই বৈঠকটি আয়োজিত হচ্ছে। এর আগে ২০১৪ সালে দিল্লিতে শেষবার ত্রিপাক্ষিক বৈঠকটি বসেছিল।
এই প্রসঙ্গে শ্রীলঙ্কা সেনার মুখপাত্র ব্রিগেডিয়ার চন্দানা বিক্রমসিংঘে জানান, শ্রীলঙ্কা এ’বছর চতুর্থ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্মেলনের আয়োজন করেছে। ভারত ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ভালো ও দৃঢ় করাই আসল লক্ষ্য কলম্বোর। এই বৈঠকে মালদ্বীপের পক্ষ থেকে উপস্থিত থাকবেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়া ডিডি। এছাড়া সম্মেলনে বাংলাদেশ, মরিশাস ও সেশেলস থেকেও প্রতিনিধিরা এসেছেন বলে খবর। সামুদ্রিক জলদূষণ নিয়ন্ত্রণ থেকে চিনের খবরদারি ও দখলদারি মনোভাব প্রতিহত করা–এই সমস্ত বিষয়ই এই বৈঠকে আলোচনা করা হবে বলে খবর। ইতিমধ্যে অজিত দোভালের কলম্বো পৌঁছানোর বিষয়টি টুইট করে জানানো হয়েছে শ্রীলঙ্কায় অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও।





