৭ মাস আগে গোপনে তৃতীয় বিয়ে, তারপর তিনবেলা মারধর স্ত্রীকে, নতুন বিতর্কে নোবেল ম্যান

নোবেল ম্যান আর বিতর্ক। সমার্থক শব্দ যেন। এবার বৌ পেটানোর দায়ে ফেঁসেছেন এই বাংলাদেশি গায়ক।

দু’দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে তীব্র নিন্দার মুখে পড়েছিলেন বাংলাদেশের এই সংগীত শিল্পী নোবেল। ক্ষমাপ্রার্থনা করে ভিডিও বার্তা দিয়েও লোকের মন গলাতে পারেননি। নিজের দেশের লোকেরাই রীতিমত তুলোধোনা করেছেন তাঁকে। এবার বেরিয়ে এল তাঁর আরেকটি রূপ। ৭ মাস আগে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। যা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।

জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র কারণে পশ্চিমবঙ্গেও তিনি সমান জনপ্রিয়। অসংখ্য অনুরাগী নোবেলের। কিন্তু নিজের অভব্য আচরণ, অশালীন মন্তব্যের জেরে ভক্তদের বিরাগভাজন হন বারবার। তাঁর অহংকার আর ঔদ্ধত্য প্রতিবারই তাঁকে রোষানলে ফেলেছে।

৭ মাস আগে গোপনে তৃতীয় বিয়ে, তারপর তিনবেলা মারধর স্ত্রীকে, নতুন বিতর্কে নোবেল ম্যান

আর এবার যা সামনে এল, তাতে বিতর্ক তুঙ্গে উঠেছে। জানা গিয়েছে, ৭ মাস আগে গোপনে বিয়ে করেছেন গায়ক। এটি তাঁর তৃতীয় বিয়ে। সেই বিয়ের সার্টিফিকেটও সামনে এসেছে। যেখানে লেখা রয়েছে, ৫ লক্ষ টাকা পণ নিয়ে ২০১৯-এর ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের এক যুবতীকে বিয়ে করেন নোবেল। বর্তমানে নাকি তাঁকে রোজ মারধরও করেন নোবেল।

বিয়ের ব্যাপারে আরও জানতে নোবেলের জন্মস্থান গোপালগঞ্জে নাম প্রকাশে অনিচ্ছুক নোবেলের এক বন্ধু জানান, ছোটবেলা থেকে বেশ দুরন্ত নোবেল। প্রথমে এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও একটা ঝামেলায় জড়িয়ে পরে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কুলে ভরতি হয়। তবে নবম শ্রেণিতে পড়াকালীন এক নারীকেন্দ্রিক ঘটনায় তাঁকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর আর গোপালগঞ্জে সেভাবে দেখা যায়নি তাঁকে।

চিরকালই নারীকেন্দ্রিক ঘটনায় জড়িয়েছেন। কিশোরীর সঙ্গে জোর করে সহবাসের মত ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছে। এবার তাঁর নামের পাশে জুড়ল আরও এক মহিলার নাম। স্ত্রীকে নিয়ে বর্তমানে তিনি থাকেন ঢাকার নিকেতনের একটি ফ্ল্যাটে। এ কথা নিশ্চিত করেছেন সেই ফ্ল্যাটে যাতায়াত করা নোবেলের এক বন্ধুও। তাঁর বিয়ের সার্টিফিকেট সংবাদমাধ্যমের কাছে আসতেই খবর প্রকাশ্যে আসে।

এর আগে রিমি নামে এক মহিলার সঙ্গে সংসার শুরু করেছিলেন বাংলাদেশি গায়ক। সেই সংসার বেশিদিন টেকেনি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয়কে বিয়ে করেন। ভেঙে যায় সেই সম্পর্কও। সমাজকর্মী অমি রহমান পিয়ালের একটি পোস্ট থেকে জানা যায়, নোবেল তাঁর স্ত্রীকে মারধর করতেন। জানা গিয়েছে, তৃতীয় স্ত্রীকেও তিনবেলা মারধর করেন খ্যাতনামা এই গায়ক। পিয়াল লিখেছেন, “দুই সপ্তাহ আগেই নিজের মা-বোনকে গভীর রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন নোবেল। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আর স্ত্রী? তার কী অবস্থা? জি বাংলার সেলিব্রিটির প্রেমে পড়ে পরিবারের কাছে সম্পর্ক চুকিয়ে দিয়ে আসে ওই যুবতী। তাকে নিয়ম করে তিনবেলা মারধর করেন আমাদের সুপারস্টার সিঙ্গার। মানুষ যেমন তিনবেলা খাবার খায়, আমাদের গায়ক তিনবেলা স্ত্রীকে মারে।” যদিও এ নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেননি নোবেল। কিন্তু তাঁকে নিয়ে রীতিমত সরগরম নেটদুনিয়া। এবার ভালই বিপাকে পড়েছেন এই তরুণ গায়ক।

আরও অন্যান্য খবর