“তাকে ধরি ধরি মনে করি, ধরতে গিয়েও আর পেলেম না”, বিজয় মালিয়ার জন্য ভারত সরকার বোধহয় এই গানটিই গাইছেন এখন। বুধবার এক সংবাদসংস্থার প্রকাশিত খবরের পর রটে গিয়েছিল যে বিজয় মালিয়ার প্রত্যার্পণ এখন আর মাত্র সময়ের অপেক্ষা। হয়তো ১-২ দিনের মধ্যেই ভারতে ফিরবেন তিনি। কিন্তু এদিন ব্রিটেনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হল যে আপাতত ফিরছেন না বিজয় মালিয়া। একটি গোপন আইনি ইস্যুর জেরে মালিয়াকে ভারতে ফেরানো যাচ্ছেনা তবে যত দ্রুত সম্ভব এই বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
বিশাল পরিমাণ আর্থিক তছরূপের দায়ে ভারত ফেরত চায় মালিয়াকে। এপ্রিল মাসে প্রত্যর্পণ মামলায় পরাজিত হন এই শিল্পপতি। তারপর সুপ্রিম কোর্টে আবেদন করতে চেয়েছিলেন তিনি, কিন্তু রাজি হয়নি ইউনাইটেড কিংডমের হাইকোর্ট। তখনই কার্যত মালিয়ার ভারতে ফেরা পাকা হয়ে যায়। ভারত দিন গুনতে থাকে কবে হাতে পাবে এই প্রতারককে। কিন্তু এখনই সে আশা সহজে মিটবে না ভারতের তা স্পষ্ট।
এদিন ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র বলেন যে একটি গোপনীয় আইনি বিষয় আছে, যেটি না মেটা অবধি মালিয়া ফিরতে পারবেন না। ব্রিটিশ আইন অনুযায়ী সেই বিষয়টি না মিটলে প্রত্যর্পণ হবে না, সাফ জানিয়ে দেন মুখপাত্র। তবে এই বিষয়টি কী, সেই নিয়ে মুখে কুলুপ আঁটেন তিনি।
এখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখনও মালিয়ার কাছে বিকল্প আছে মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কোর্টে আপিল জানানোর। বিজয় মালিয়া পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে পারেন ব্রিটেনে, এমন সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর নিজেকে বাঁচাতে যেভাবে এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মালিয়া, এবার যে নিজেকে সুরক্ষিত করতে তিনি নতুন কোনো রক্ষাকবচ ব্যবহার করবেন না, এটা কি হয়?





